,

আর এক ইঞ্চি বনভূমিও রোহিঙ্গাদের দেওয়া হবে না : সাবের হোসেন

news-image

নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চি বনভূমিও দেওয়া হবে না। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যের, যা পূরণ করা সম্ভব নয়।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

রোহিঙ্গাদের কারণে সৃষ্ট পরিবেশ–সংকটের কারণে বন্য হাতি ঝুঁকিতে আছে মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। রোহিঙ্গাদের বসতি নির্মাণের জন্য ইতিমধ্যে ৮ হাজার একরের বেশি বনভূমি দেওয়া হয়েছে। বনাঞ্চল উজাড় হওয়ায় ৬৩টি বন্য হাতি সংকটে পড়েছে। ক্যাম্পের ভেতরে হাতিগুলো আটকা পড়েছে। গত দুই বছরেও হাতি চলাচলের রাস্তা তৈরি সম্ভব হয়নি।

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিনিয়ত গভীর নলকূপ দিয়ে পানি তোলার কারণে পানির সংকট দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এখন নতুন সমস্যা পানির সংকট। শিবিরগুলোতে প্রায় ১০ হাজার গভীর নলকূপ দিয়ে পানি তোলা হচ্ছে। পানির স্তর ক্রমান্বয়ে নিচে নামছে আর বিভিন্ন স্থানে পানির সংকট দেখা দিচ্ছে। ভবিষ্যতে এই সংকট ভয়াবহ রূপ ধারণ করবে।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থায়ী কমিটির সদস্য সাংসদ জাফর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ আরও অনেকে। এ ছাড়া বন ও পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সরকার পরিবেশ সুরক্ষায় খুবই আন্তরিক। পাহাড় কাটা, বনাঞ্চল উজাড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশ সুরক্ষায় সবাইকে আরও আন্তরিক হতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা