সম্রাটের রিমান্ড শুনানি আজ
নিউজ ডেস্ক : অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের রিমান্ড আবেদনের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকা সিএমএম আদালতে বেলা ১১টার দিকে মামলাগুলোয় তাকে গ্রেপ্তার দেখানোসহ এ রিমান্ড আবেদনের শুনানি হবে।
আদালত সূত্র জানায়, প্রথমে রমনা থানার নির্ধারিত আমলি আদালতে সম্রাটকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হবে। আবেদন মঞ্জুর হলে অন্য আদালতে অনুষ্ঠিত হবে তার রিমান্ড আবেদনের শুনানি।
গত ৭ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ প্রত্যেক মামলায় তার ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়, যার শুনানির জন্য ৯ অক্টোবর ধার্য ছিল। কিন্তু তার আগেই কারা কর্তৃপক্ষ সম্রাটকে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করায় ওই শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করেন আদালত। গত ১২ অক্টোবর এ আসামিকে হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাই আজ সম্রাটকে গ্রেপ্তার ও রিমান্ড শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে কারা সূত্র।
সম্রাটের বিরুদ্ধে মাদক আইনের মামলাটিতে ঢাকা মহানগর যুবলীগের নেতা এনামুল হক আরমানও আসামি। এরই মধ্যে গত ৯ অক্টোবর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সম্রাটের সঙ্গে তারও রিমান্ড শুনানি হবে।











