সিপিএলে শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট- আরও একবার প্রমাণিত হলো ক্যারিবিয়ান ক্রিকেট লিগের এবারের আসরের মাধ্যমে। যেখানে টুর্নামেন্টের হট ফেভারিট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
এর আগে ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল বার্বাডোজ। অন্যদিকে পঞ্চমবারের মতো ফাইনালে এসে খালি হাতে ফিরতে হলো গায়ানাকে। টুর্নামেন্টের ইতিহাসে মোট সাত আসরের মধ্যে শুধুমাত্র ২০১৫ ও ২০১৭ সালের আসরেই ফাইনাল খেলেনি তারা। এছাড়া চলতি আসরসহ মোট পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই হতাশায় শেষ হয়েছে তাদের টুর্নামেন্ট।
এদিকে দল জিতলেও টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আজও ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। বল হাতে পাননি পুরো ৪ ওভার শেষ করার সুযোগ, ২ ওভারে খরচ করেছেন ১৮টি রান।
সাকিবের নিষ্প্রভতার দিনে বার্বাডোজের হয়ে উজ্জ্বল ছিলেন জোনাথন কার্টার এবং রেয়মন রেইফার। শেষদিকে কার্টারের ২৭ বলে ৫০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। পরে বল হাতে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করে গায়ানাকে থামিয়ে রাখেন রেইফার।











