জামাল ভূঁইয়ারা এখন কলকাতায়
স্পোর্টস ডেস্ক : কাতার আর ওমান নয়- বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপিং হওয়ার পর থেকে বাংলাদেশ কোচ জেমি ডে’র চোখ ছিল আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ম্যাচ চারটির দিকে। গ্রুপ নিয়ে প্রতিক্রিয়ায় এ ইংলিশ বলেছিলেন এ দল দুটির বিপক্ষে কিছু পাওয়া সম্ভব।
কিন্তু শুরুতে কোচের সে প্রত্যাশা ‘পারফরম্যান্সে’ পূরণ হলেও ‘ফলাফলে’ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটি জিততে পারতো বাংলাদেশ, সে ম্যাচে হেরে গেছে ১-০ গোলে।
এরপর গতকাল (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে ম্যাচটি তো এখনো ফুটে আছে ফুটবলামোদীদের হৃদয়ে। কি ফুটবলই না খেললো বাংলাদেশ। কেউ বলছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ। কেউ বলছেন গত ১০-১৫ বছরের। সে বিতর্ক তুলে রেখে একটা কথাই বলা যায়- বাংলাদেশের ফুটবলাররা দর্শকদের মন জয় করেছে। ম্যাচটাই শুধু জিতে দেশে ফিরে গেছে কাতার।
কাতারের কাছে ২-০ গোলের হার। শঙ্কা ছিল আরো বড় হারের। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ক্যানভাসে জামাল ভূঁইয়ারা পায়ের তুলিতে ফুটবলের যে ছবি এঁকেছেন তার বহুদিন মনে থাকবে দর্শকদের। এমন ফুটবলই তো চাই। হার-জিত গোল্লায় যাক।
এতটা ভালো ফুটবল খেলবে বাংলাদেশ তা কেউ ভাবতে পেরেছিলেন? একজন হয়তো ভেবেছিলেন। তিনি বাংলাদেশের কোচ জেমি ডে। যে ইংরেজের ঘষামাজায় বদলে গেছে লাল-সবুজ দেশের ফুটবলের রঙ। তা না হলে কাতারের বিরুদ্ধে ম্যাাচ শেষে দর্শক কী করে আপসোস করে ‘আমরা জিততেও পারতাম।’
জয়ের কথাটা একমাত্র কোচের মুখ থেকেই বের হয়েছিল আগের দিন। অনেকে ঠোঁট চেপে হেসেছিলেন। কেউ কেউ টিপ্পনি কেটেছিলেন, ‘পাগলে কয় কি?’ জেমি সাহস করে জয়ের কথাটা বলে হয়তো পাঁচজনের পাঁচ কথা শুনেছিলেন। কিন্তু যে দলটিকে নিয়ে গত ১৭ মাস ধরে কাজ করছেন সে দলটিকে তার চেয়ে কে ভালো চিনবেন? তাইতো জেমি ডে’ই একমাত্র সাহসী মানুষ যিনি বলতে পেরেছিলেন কাতারকে হারাতে চাই।
জয় হয়নি। এমন কি ড্রও না। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে যে নৈপূণ্য দেখিয়েছেন জামাল ভূঁইয়ারা তাতে জেমির ‘জিততে চাই’ মন্তব্য নিয়ে যারা মুখ ভেংচিয়েছিলেন তারা হয়তো লজ্জা পেয়েছেন। বাংলাদেশ তো জেতার মতোই খেলেছে।
কাতারের বিরুদ্ধে বাংলাদেশের এই পারফরম্যান্স বোনাস। সবচেয়ে বড় পাওয়া আত্মবিশ্বাস। ভুটানকে পরপর দুই ম্যাচ হারিয়ে আত্মবিশ্বাসের যে জ্বালানি পেয়েছিলেন ফুটবলাররা, সেই জ্বালানি দিয়েই তো কাতারকে প্রায় পুড়িয়ে দিয়েছিলেন। আর কাতারের বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর আত্মবিশ্বাসে যে জ্বালানি পেয়েছেন ফুটবলাররা তা দিয়ে নিশ্চয় আলো জ্বালাবেন কলকাতায়।
হ্যাঁ, বাংলাদেশের পরের মিশন কলকাতা। ঢাকার মাঠ মাতিয়ে ইতিমধ্যেই জামাল ভূঁইয়ারা চলে গেছেন পশ্চিমবঙ্গের এই শহরে। দুপুর সোয়া ১টার দিকে কলকাতা পৌঁছেছে বাংলাদেশ দল। যেখানে ফুটবলে যুদ্ধ হবে বাঙ্গালি-বাঙ্গালিতে।
আগামী ১৫ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো নিয়ে প্রত্যাশা বাংলাদেশ কোচের সেই ম্যাচগুলোর অন্যতম এটি। ঢাকা মাতিয়ে কলকাতায় যাওয়া জামাল ভূঁইয়াদের দিকে তাকিয়ে সবাই।











