ট্রেন যাত্রীদের দুর্ভোগ কমাতে বঙ্গবন্ধুর সেতুর পাশে নতুন রেল সেতু হবে : রেলমন্ত্রী
রংপুর ব্যুরো : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের সংখ্যা বাড়ালেই দুর্ভোগ কমবে না। যতদিন লাইন না বাড়বে। আমরা আগামী জানুয়ারির মধ্যে বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেল সেতু নির্মাণ করব। এর নাম হবে বঙ্গবন্ধু রেল সেতু। ডাবল লাইন ও ডুয়েল গ্রেজ থাকবে। আশা করছি, ধীরে ধীরে ভোগান্তি ও চাপ কমে আসবে।
তিনি গতকাল বিকেলে রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন রেল সেতু ছাড়া পশ্চিমাঞ্চলে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের জন্য একমাত্র বঙ্গবন্ধু সেতু রয়েছে। এছাড়া বিকল্প ব্যবস্থা নেই। এ অবস্থায়তো নতুন ট্রেন দেওয়া সম্ভব নয়। তবে রংপুরবাসীর দাবির প্রতি প্রধানমন্ত্রী আলাদা নজর রাখেন।’ আগামী ১৬ অক্টোবর রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেসের সাথে নতুন ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস যুক্ত হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। নতুন কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেলমমন্ত্রী আরও বলেন, ‘রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট আন্তঃনগর এক্সপ্রেসে দুটি নতুন বগি সংযুক্ত করা হবে। এতে কিছুটা সমস্যা কমবে। এছাড়াও প্রধানমন্ত্রীর পছন্দের দেয়া নামে কুড়িগ্রাম এক্সপ্রেস চালু হবে। এই ট্রেনটি কুড়িগ্রাম থেকে ৭টা ১০মিনিটে ছেড়ে রংপুরে পৌঁছার পর ৮টা ২০ মিনিটে ঢাকা উদ্দেশ্যে রওনা হবে। বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার ও নাটোর স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে কুড়িগ্রাম এক্সপ্রেস। এটি সম্পূর্ণ নতুন ও উন্নত ট্রেন। মলমূত্র ত্যাগে পরিবেশ দূষণ হবে না।’
এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।











