তোরে আমি আর চিকিৎসা দিমু না: আহত বৃদ্ধকে চিকিৎসক
ভোলার লালমোহনে অসুস্থ এক বৃদ্ধকে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বৃদ্ধকে কোনো ধরনের চিকিৎসা না দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।সম্প্রতি ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, আহত এক বৃদ্ধ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর তাকে কোনো বিছানা দেয়া হয়নি। তাই তিনি ফ্লোরে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে ওই রোগীকে হাসপাতাল থেকে বের করে দেন ডা. মহসিন খান। এরপরও আহত বৃদ্ধ চিকিৎসার জন্য সেখানে থাকায় হাসপাতাল থেকে দেয়া একটি চাদর ছিঁড়ে ফেলেন তিনি।ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। চিকিৎসকের এমন আচরণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই ভিডিওতে দেখা যায়, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মহসিন খান আহত বৃদ্ধের চাদরটি ছিঁড়ে ফেলছেন। এ সময় তিনি ওই রোগীর উদ্দেশে বলেন, তোরে এই চাদর কে দিছে? এই চাদর ছিঁড়ে টাঙায় রাখব। তুই কিসের অসুস্থ, তোকে দুই-তিনটা কিল-ঘুষি দিছে। আমি তো দুই বছর ধরে দেখতে আছি, শয়তানের বাচ্চা। এই রোগীগুলো আমার কষ্ট পায় তোদের জ্বালা-যন্ত্রণার জন্য। তুই সুস্থ রোগী, তুই ব্যথা পাইছস, ওষুধ নিবি। তোর চেয়ে বেশি অসুস্থ রোগী বাড়িতে গিয়ে চিকিৎসা নেয়। তুই ভর্তি হইছস বাব-দাদার বংশানুক্রমে মামলা করার জন্য, সার্টিফিকেট নেয়ার জন্য। তোরে আমি আর চিকিৎসা দিমু না, তোরে সার্টিফিকেট দিমু না। তুই রোগী, তোরে কোনো কাগজ দিমু না। তোরে দিমু সাদা কাগজ। সাদা কাগজে তোরে চিকিৎসা দিমু। হাসপাতালের কোনো কাগজ তোরে দিমু না।
এছাড়া অন্য রোগীদের দিকে মুখ করে ডা. মহসিন খান বলেন, ওরে কালকে রাতের বেলা বের করে দিছিলাম না, মনে আছে? আমার নির্দেশ মানে না কেন, আমি কি এখন চইলা যামু?
আহত বৃদ্ধ রোগীর সঙ্গে চিকিৎসকের এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেছেন, যদি রোগী সুস্থই হন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাকে ভর্তি করিয়েছে। আর কেনই বা তাকে নিয়ে চিকিৎসক গালমন্দ করছেন। হাসপতালে সরকারি টাকায় ক্রয় করা বিছানার চাদর কীভাবে একজন চিকিৎসক ছিঁড়ে ফেলেন। লোকটি যদি ভুলও করে থাকেন, তাকে বুঝিয়ে বলা যেত। এমন অনেক কথাই তুলেছেন স্থানীরা।
এ বিষয়ে জানতে আবাসিক মেডিকেল অফিসার মহসিন খানকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। কিছুক্ষণ পর এক নারী ফোন রিসিভ করে বলেন, এটা রং নম্বর।
এ বিষয়ে ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার বলেন, আমি বিষয়টি শুনেছি। তাকে এর আগেও এসব ব্যাপারে সতর্ক করা হয়েছিল। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসক সংকট রয়েছে। তাকে সেখান থেকে সরিয়ে নিলে হাসপাতালটি খালি হয়ে যাবে। এরপরও আমি বিষয়টি দেখব।










