‘দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন প্রধানমন্ত্রী’
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।মুসলমানদের নিজেদের মধ্যে সংঘাত বন্ধে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি’কে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে সংঘাত বন্ধে ওআইসির এগিয়ে আসা উচিত।
বৈঠকে জাভেদ জারিফ শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন জাভেদ জারিফ।বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব কথা জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য চাই। যদি মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ জন্য রক্তক্ষরণের দরকার নেই।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। বাংলাভাষায় প্রচুর ফারসি শব্দের ব্যবহারের কথাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।বৈঠকে দুই দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও বেশ প্রশংসনীয়।
মুসলিম দেশগুলোকে অস্ত্রের পেছনে অর্থ খরচ না করে তা জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অস্ত্রের জন্য টাকা খরচ করতে চাই না। এ টাকা দিয়ে জনকল্যাণ করতে চাই।এ সময় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন জাওয়াদ জারিফ।











