মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ পুত্র সাদের ডিএনএ পরীক্ষার দাবি

news-image

রংপুর প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আসন রংপুর-৩ (সদর) এর উপনির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এরশাদের আত্মীয়-স্বজন ও দলের নেতাকর্মীদের। তবে এনিয়ে বিরোধ দেখা দিয়েছে এরশাদ পরিবারের মধ্যে।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন এরশাদ পরিবারে তিন সদস্য- এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ, ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও এরশাদের বোন সাবেক সংসদ সদস্য মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন্নেছা রহমান টুম্পার নাম আলোচনায় রয়েছে। তালিকায় রয়েছেন পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও।

রোববার তফসিল ঘোষণার পর সোমবার রাতে সদর উপজেলার পালিচড়া ও পাগলপীর এলাকায় মনোনয়ন দাবিতে বিক্ষোভ শেষে ছোট ভাই সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করেন বড় ভাই আসিফ শাহরিয়ারের সমর্থকরা।

আসিফ শাহরিয়ারের সমর্থকদের দাবি, সাদ বহিরাগত, তাকে রংপুরের কেউ চেনে না। এমনকি সাদ নিজেও রংপুর বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। এছাড়াও সাদ এরশাদের ডিএনএ পরীক্ষারও দাবি উঠে নেতাকর্মীদের পক্ষ থেকে।বহিরাগত কেউ প্রার্থী হলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে মঙ্গলবার দুপুরেও নগরীতে বিক্ষোভ করেছেন আসিফ শাহরিয়ার ও তার সমর্থকরা।

এ সময় সাদকে রংপুরের মাঠিতে অবাঞ্চিত ঘোষণা করে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।দলীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আসিফের অনুসারী পালিচড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রায়হানের নেতৃত্বে এরশাদ পুত্র সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় জাতীয় পার্টির অপর একটি পক্ষ প্রতিবাদ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।রংপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলন বলেন, আসিফ শাহরিয়ারের সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা দলের মহাসচিবকে অবহিত করেছি।

আসিফ বলেন, রংপুর-৩ আসনের মানুষ সাদকে গ্রহণ করবে না বলেই হয়তো ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা তার কুশপুত্তলিকা দাহ করতে পারে। তাই বলে আমাকে কেন দায়ী করা হবে?মঙ্গলবার সকাল থেকেই নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে জমায়েত হতে শুরু করেন আসিফের সমর্থকরা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আসিফ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, স্থানীয় ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাপার তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। বারবার ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবার আর ভুল সিদ্ধান্ত নিতে দেয়া হবে না। যাকে কেউ চিনেই না, তাকে কেন মানুষ ভোট দেবে।

তিনি বলেন, আমি জাতীয় পার্টির রংপুর জেলার সদস্য সচিব ও রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য ছিলাম। এরশাদ পরিবারের একমাত্র সদস্য হিসেবে আমি রংপুরে থাকি। কিন্তু পার্টির সুবিধাভোগী কিছু দালাল এবারও বহিরাগত কাউকে মনোনয়ন দেয়ার পায়তারা করছেন। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। আশা করছি, দল ঠিক রাখার জন্য এবং সাদের ডিএনএ পরীক্ষার যে দাবি বিভিন্নভাবে উঠেছে তা বিবেচনা করে দল সঠিক সিদ্ধান্ত নেবে।

স্থানীয়ভাবে প্রার্থী দেয়ার দাবি জানিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগরের সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এই আসন একটি সম্মানিত আসন। এই আসেন যাকে খুশি তাকে প্রার্থী দেয়া যাবে না। রংপুরের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একজনকে প্রার্থী করতে হবে।

তিনি বলেন, এটা ১৯৯৬ সালের প্রেক্ষাপট নয় যে, যে কাউকেই প্রার্থী করলে হবে। আমাদের রংপুরের সাধারণ মানুষ কোনো বহিরাগতকে চায় না।সাদ এরশাদের বিষয়ে তিনি বলেন, তার জেতার প্রশ্নই আসে না। তাকে চাপিয়ে দিয়ে যারা এ আসনে নির্বাচন করতে চান, তারাই যেন মাঠে কাজ করেন। জাপার তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষে নেই। আমরা এ আসনের জন্য একজন পরিচ্ছন্ন মানুষকে চাই।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা