কেন শুধু শাড়ি পরব আর খোঁপা করব: প্রশ্ন গায়িকার
সম্প্রতি শুটিং ফ্লোরে গিয়ে চেনা যাচ্ছিল না ইমন চক্রবর্তীকে। কারণ ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকাকে সচরাচর শাড়িতেই দেখা যায়। এবার ফটোশুটে বেছে নিলেন পশ্চিমা আউটফিট। স্থানীয় সংবাদমাধ্যমকে ইমন জানালেন, কাজের প্রয়োজনে সুবিধাজনক পোশাক বেছে নিয়েছেন। পাল্টা প্রশ্নও ছুড়ে দেন- কেন সব সময় শাড়ি পরে থাকবেন। কেনই বা খোঁপা করতে হবে! এই লুকে আপনাকে দেখে তো সবাই চমকে যাবে।– এমন মন্তব্যের জবাবে হেসে ইমন বলেন, “আমি তো সেটাই চাই। অনেক দিন থেকে এ রকম কিছু একটা করব ভাবছিলাম।”
সঙ্গে যোগ করেন, “আমি যখন শো করি তখন আমার পোশাক আলাদা। সেটায় আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে। কিন্তু তার মানে এটা নয় যে ইমন সব সময় শাড়ি পরবে, খোঁপা করবে। সেই স্টিরিওটাইপ আমি ভাঙতে চাই। আমার মধ্যে আরও একটা সত্তা আছে। আমি সেটাকেও এক্সপ্লোর করতে চাই।”
রবীন্দ্রসংগীত শিল্পী ইমন চক্রবর্তী ওয়েস্টার্ন ওয়ারে। বিতর্কের ভয় নেই? শুটে আসার আগে মেন্টাল প্রস্তুতি কী ছিল? “প্রথমে মনে হচ্ছিল আমার ফ্যানরা ব্যাপারটা কীভাবে নেবে? যখন শুট করছি তখনো মনে হচ্ছিল কেমন হবে? কিন্তু ট্রোলড হওয়াটা আমাদের, সেলিব্রিটিদের অভ্যাস হয়ে গেছে। আমরা কথা বললেও ট্রোলড হই। ওসব না ভেবে এখন আমার স্বপ্ন নিজেকে বিভিন্ন ক্ষেত্রে মেলে ধরা।”
ইমন আরও বলেন, “ধরো যদি বিয়ন্সের কথা ভাবি, বিয়ন্সে একটা বিকিনি পরে গান গাইছে। সবাই কিন্তু ওর গান শুনছে, ও কী পরে আছে সেটা ম্যাটার করে না। শাকিরা, জেনিফার লোপেজকে দেখেও আমরা কেয়া বাত বলছি। কিন্তু যখন বাংলার কোনো শিল্পী একটু সাহসী পোশাক পরছে তখন কেন গেল গেল রবটা উঠবে? আমার মনে হয় এটা ভাঙা উচিত, আর এটা ভাঙতে আমাদের এগিয়ে আসা উচিত।”
এ দিকে ‘জাতীয় সংগীত’ নিয়ে মন্তব্যের সূত্র ধরে মাস খানেক আগে বাংলাদেশি গায়ক নোবেলকে ‘চাবকাতে চান’ বলেছিলেন ইমন।










