মিয়ানমার উল্টো বাংলাদেশকে দুষল
ডেস্ক রিপোর্ট : ২২ আগস্ট (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর জন্য প্রস্তুত ছিল সবই। মিয়ানমার সরকারের ছাড়পত্র পাওয়া ১০৩৭ পরিবারের ৩৫৪০ জনের মধ্যে ৩ দিনে সাড়ে ৩০০ পরিবারের সাক্ষাতপর্বও সম্পন্ন করা হয়।
রোহিঙ্গাদের বহনের জন্য ৫টি বাস আর মালামাল পরিবহনের জন্য ৩টি ট্রাক আগে থেকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত রাখা হয়। সেখান থেকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ট্রানজিট ঘাট পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এতসব আয়োজনের পরও ভেস্তে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া। আর এজন্য বাংলাদেশকে দুষলো মিয়ানমার।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, বাংলাদেশের পক্ষ থেকে সঠিক কাগজপত্র দিতে না পারার দাবি করা হয়। তবে বাংলাদেশ নয়, মিয়ানমারের কারণেই প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।
সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও দ্বিতীয় দফার উদ্যোগ বাস্তবায়ন করতে না পারার জন্য আবারো বাংলাদেশকেই দুষেছে মিয়ানমার। রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ে সঠিক কাগজপত্র দিতে না পারায় প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয় বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
৪০০ হিন্দু রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে মিয়ানমারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে বলেও দাবি তাদের।
তবে জাতিসংঘ বলছে বাংলাদেশ নয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত নয় মিয়ানমার সরকার। উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার অনুকূল নয়।
জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক কেনিউট অস্টবাই বলেন, রোহিঙ্গারা যাতে ফিরতে পারে আগে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সঠিক জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করলে তবেই তারা ফিরতে পারবে। রাখাইনে ফিরে যাওয়ার অধিকার রয়েছে তাদের। রোহিঙ্গারা যখন ফিরে যাবে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে পরিবেশও গড়ে তুলতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, গণহত্যার উদ্দেশ্যেই ২০১৭ সালে যৌন সহিংসতা চালানোর পাশাপাশি রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করে মিয়ানমারের সেনারা।
গেল বছরের ১৫ নভেম্বরও একইভাবে প্রত্যাবাসনের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। তবে রোহিঙ্গাদের নানা শর্তে প্রত্যাবাসন কার্যক্রম সেবারও ভেস্তে যায়।











