পশু কোরবানির সূচনা কাহিনী
নিউজ ডেস্ক।। ইসমাইল (আ.)-এর বয়স যখন ৭ কিংবা ১৩ বছর, তখন পিতা ইবরাহিম (আ.) স্বপ্নযোগে ইসমাইলকে কোরবানি করার নির্দেশ পান। পবিত্র কোরআনে এ ঘটনা এভাবে বর্ণিত হয়েছে, ‘অতঃপর যখন পুত্র পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইবরাহিম বললেন, বৎস! আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি।’ (সূরা সাফফাত : ১০২)
পয়গম্বরদের স্বপ্ন ওহি হয়ে থাকে। তাই এ স্বপ্নের অর্থ ছিল, ইসমাইলকে জবাই করার ব্যাপারে ইবরাহিমের প্রতি আল্লাহপাকের নির্দেশ। এ নির্দেশ তিনি সরাসরি ফেরেশতার মাধ্যমেও দিতে পারতেন; কিন্তু স্বপ্নে দেখানোর তাৎপর্য হলো, ইবরাহিম (আ.) এর আনুগত্য পূর্ণমাত্রায় প্রকাশ পাওয়া। স্বপ্নের মাধ্যমে প্রদত্ত নির্দেশের ভিন্ন অর্থ নেওয়ার যথেষ্ট অবকাশ ছিল। কিন্তু আল্লাহর বন্ধু ইবরাহিম (আ.) কোনোরূপ ব্যাখ্যা-বিশ্লেষণের আশ্রয় নেওয়ার পরিবর্তে নিঃসংকোচে আল্লাহ পাকের নির্দেশের সামনে মাথানত করে দেন। তিনি স্বপ্ন সম্পর্কে সন্দেহ পোষণ করেননি যে, ‘এত কঠিন নির্দেশ কেন আমাকে দেওয়া হলো?
পৃথিবীর কোনো আইনে তো পিতা কর্তৃক সন্তান জবাই করার নজির নেই। কোনো সুস্থ বিবেকও এটা সমর্থন করে না। তাহলে কেন এই নির্দেশ? কী এর রহস্য? ইবরাহিম (আ.) সব দ্বিধা-সংকোচ পরিহার করে স্বতঃস্ফূর্র্তভাবে আল্লাহর নির্দেশ পালনে তৈরি হয়ে গেলেন। তবে মহান মালিকের নির্দেশের গুরুত্ব সন্তান কতটা উপলব্ধি করতে শিখেছে, তা যাচাইয়ের জন্য ছেলেকে ডেকে বললেন, ‘হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি।’এতে তোমার কী অভিমত?’
ছেলে সরলকণ্ঠে বললো, ‘আব্বাজান! আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করুন। আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন।’ (সূরা সাফফাত : ১০২)। ভবিষ্যতের কোনো কথা বলতে গিয়ে ‘ইনশাআল্লাহ’ বলা আল্লাহর শেখানো আদব, যা পবিত্র কোরআনে আমাদের নবীজির এক ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ণিত হয়েছে। শিশু ইসমাইলের কথায় আদব ও বিনয় প্রকাশ পেয়েছে। কারণ তিনি ‘ইনশাআল্লাহ’ বলে ব্যাপারটি আল্লাহর কাছে সমর্পণ করেছেন। আবার ‘আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন’ বলে বুঝিয়েছেন, ধৈর্য ও সহনশীলতা শুধু আমার একার কৃতিত্ব নয়; বরং জগতে আরও বহু ধৈর্যশীল ব্যক্তি রয়েছেন। (তাফসিরে রুহুল মায়ানি)
তারপর মা হাজেরার (আ.) কাছ থেকে বিদায় নিয়ে পুত্রকে কোরবানি করার উদ্দেশ্যে ইবরাহিম (আ.) মিনায় রওনা হন। পথে কয়েকবার শয়তান ইবরাহিম (আ.) এর গতিরোধ করে আল্লাহর নির্দেশ পালনে বাধা সৃষ্টি করে। কিন্তু তিনি পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দেন। অদ্যাবধি এ প্রশংসনীয় কাজের স্মৃতির অনুসরণে হাজিরা মিনায় তিনটি স্থানে পাথর নিক্ষেপ করেন। এটি হজের গুরুত্বপূর্ণ আমলও বটে।
তবে আল্লাহর নির্দেশে ইবরাহিম (আ.) পুত্র ইসমাইলের পরিবর্তে কোরবানি হয়ে যায় বেহেশতি দুম্বা। এরই অনুকরণে যুগে যুগে মুসলমানরা আল্লাহর জন্য জীবনের সবকিছু উৎসর্গ করার চেতনা নিয়ে কোরবানির পশু জবাই করে থাকেন। তারই অনুসরণে মুসলিম জাতি কোরবানির দিন পশু জবাই করে থাকেন।











