গরু বেচা-বিক্রির ধুম পড়েছে, চাহিদা বেশি মাঝারি আকারের
নিউজ ডেস্ক : রাজধানীর স্থায়ী পশুরহাট গাবতলীসহ ২৪টি কোরবানির পশুর হাটে শনিবার (১০ আগস্ট) বেচা-বিক্রির ধুম পড়েছে। এবার গতবছরের চেয়ে কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি। সাধ্যের মধ্যে পশু কিনতে ক্রেতাদের নজর এখন মাঝারি আকারের গরুর দিকে।
গাবতলী পশুর হাটে কয়েকজন ক্রেতা বলেন, গরু ব্যব্সায়ীদের কারসাজির কারণে গরুর দাম আকাশ ছোঁয়া। তবে ব্যাপারীরা বলছেন, উল্টো কথা। তারা বলেন, যশোর, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে একটি গরু ঢাকায় আনতে খরচ হয় ২ হাজার টাকা। এ ছাড়াও লেবার খরচ, নিজের লাখ লাখ টাকা দাদনের মাধ্যমে নিয়ে ব্যবসা করছি। দুটি টাকা লাভ না হলে ছেলে-মেয়ে নিয়ে কীভাবে চলব? তারা বলেন, বাস্তবে দাম বেশি নয়। মানুষ বেশি দামের কথা বলছে। গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা নেই, সাধ্যের মধ্যেই রয়েছে কোরবানির পশুর দাম।
গাবতলী পশুর হাটে মোহাম্মদপুর এলাকার হাজী আবদুস সোবাহান দৈনিক জাগরণকে বলেন, এবার গরুর দাম অনেক বেশি। সকাল থেকে হাটে ঘোরাঘুরির পর দুটি মাঝারি সাইজের গরু কিনেছি। একটি ১ লাখ ৩০ হাজার, আরেকটি ৮৬ হাজার টাকা। গরু বাসায় পৌঁছাতে আরো ৫ হাজার টাকা খরচ হবে। সব মিলিয়ে এবার গরুর দাম বেশি। বিকালে দাম কমতে পারে বলে জানান তিনি।
নগরীর নয়াবাজার ও ধোলাইখালে কোরবানির পশুর হাটে ব্যাপক বিক্রির আশা ছিল গরুর ব্যাপারীদের। কিন্তু দুপুর পর্যন্ত তেমন বিক্রি হয়নি। তাদের আশা, আজ-কালের মধ্য অনেক গরু বিক্রি হবে। এবার মাঝারি গরুর চাহিদা বেশি। ব্যাপারীরা দামও চাচ্ছেন বেশি। ক্রেতাদের অভিযোগ, বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় ইচ্ছেমতো দাম চাচ্ছেন ব্যাপারীরা।
জাহিদুল ইসলাম নামে এক ক্রেতা দৈনিক জাগরণকে বলেন, মাঝারি আকারের গরু কিনতে এসেছি। কিন্তু বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। না পারছি বড় গরু কিনতে, না পারছি মাঝারি গরু কিনতে। তিনি জানান, বাজেট ছিল ৬০ হাজার টাকা। মাঝারি আকারের একটি গরু দেখে পছন্দ করেছি। বিক্রেতা দাম চাচ্ছে ৯০ হাজার, আমি ৫৭ হাজার টাকা বলেছি।
বিক্রেতা আবদুল মজিদ বলেন, ৭০ হাজারের কমে বিক্রি করবেন না। কারণ বেশি দামে কেনা। ১০টি গরু নিয়ে এসেছি। বিক্রি হয়েছে ৩টি। বাকিগুলোও হয়ে যাবে। আল্লাহর রহমতে ভালো দামে বিক্রি করেছি। বাকিগুলোও ভাল দামে বিক্রি করতে পারবেন বলে বিশ্বাস তার। কারণ হিসেবে তিনি বলেন, আমার গরুর গঠন খুব ভালো। ক্রেতাদের আকর্ষণ করেছে।
পাবনার ইশ্বরদী থেকে আসা খামারি রোস্তম আলী দৈনিক জাগরণকে জানান, হাটে দেশি গরুর চাহিদা বেশি, দামও বেশি। কিন্তু আমাদের লাভ কম। গরু কিনেছি বেশি দামে, তাই বেশি লাভ করতে পারছি না। ২২টি গরু নিয়ে এসেছি। এখন পর্যন্ত একটা গরুও বিক্রি হয়নি। প্রত্যাশিত দাম না পেলে গরু ফিরিয়ে নিয়ে যাব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা আশা করছেন, শনিবার বিকেল থেকেই বাকি সময়ের মধ্যে গরু বিক্রি শেষ হয়ে যাবে। গরু রাখার স্থান এবং গোখাদ্যের সংকটের কারণে এসব এলাকার লোকজন দেরিতে গরু কিনে থাকেন। গত কয়েকটি কোরবানির ঈদে এধরনের চিত্রই দেখা গেছে।










