কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, শাসন করবে কেন্দ্র
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল করলো বিজেপি সরকার। জওহরলাল নেহেরুর সময়ে ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা ৩৭০ ধারাটি বাতিলের নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যসভায় এ ঘোষণা দেন। বিজেপি জোটের নির্বাচিত প্রতিশ্রুতি ছিল কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করা।
ভারতের এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের অস্থির পরিস্থিতি ও মধ্যরাতে রাজ্যের প্রধান রাজনীতিবিদদের নজরবন্দি করার বিষয়ে ওই বৈঠক হয়। রাজ্যের তিন মুখ্য রাজনীতিবিদ মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ এবং সাজাদ লোনকে তাদের বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে রবিবার রাত থেকে। সতর্কতার জন্য জনসভাও নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শুরু হয় সুরক্ষা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ছোট্ট একটি বৈঠকের পরেই। ওই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, অমিত শাহ, নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর। সূত্র জানাচ্ছে, অমিত শাহ প্রথমে রাজ্যসভা ও পরে লোকসভায় এই নিয়ে বক্তব্য রাখবেন। জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধনী) বিল ২০১৯ নিয়ে।
এর আগে গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হচ্ছে। শুক্রবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, অমরনাথের তীর্থযাত্রী ও পর্যটকদের দ্রুত রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ওই ঘোষণার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্যে।
সোমবার (৫ আগস্ট) রাজ্যসভার অধিবেশন শুরু হতেই সংবিধানের ৩৭০ ধারা তুলে দেয়ার ঘোষণা দেন অমিত শাহ। সঙ্গে সঙ্গে বিরোধীরা তুমুল হট্টগোল জুড়ে দেন। কয়েক মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়। পনুরায় অধিবেশন শুরু হলে বিরোধীদের হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরে চরম উত্তেজনা চলছিল। আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিলেন। শনিবার পর্যটকদের কাশ্মীর ত্যাগের নির্দেশ দেয় সরকার। এ ছাড়া মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত ১০ হাজার সেনা। রোববার এ বিষয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেন ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের নেতা দাবি করেন, অমরনাথ যাত্রা স্থগিত করে পর্যটকদের সেখান থেকে সরিয়ে দেওয়া কোনো সম্ভাব্য আশু বড় ঘটনার ইঙ্গিত হতে পারে।
একটি বৈঠকে ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি প্রতিনিধি দল পাঠাবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছেও ওই দল যাবে। তারা জানিয়ে দেবে, সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বদলের কোনও চেষ্টা যাতে না হয়। ওই বৈঠকের পর রাতেই নজরবন্দি করা হয় মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ এবং সাজাদ লোনকে।
ওমর আবদুল্লা টুইটে জানান, আমি জানি আমাকে মধ্যরাত থেকে নজরবন্দি রাখা হয়েছে এবং এরই মধ্যে অন্যান্য মুখ্য নেতাদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে। সত্যি কিনা জানার উপায় নেই। কিন্তু যদি সত্যি হয়, আমি আপনাদের সকলকে দেখাব অন্যদিকে কী রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। এদিকে কাশ্মীরের নেতাদের সমর্থনে এগিয়ে এসেছেন কংগ্রেস নেতা শশী থারুর এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্কসিস্ট-এর মুখ্য সীতারাম ইয়েচুরি।










