ক্রেতারা হন্য হয়ে খুঁজছেন মশা নিরোধক ক্রিম, বাজার প্রায় শূন্য
নিউজ ডেস্ক।। একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সামসুজ্জামান সোহেল। গত কয়েকদিন ধরে অফিস শেষ করেই খুঁজতে নামেন মশা নিরোধক ক্রিম ‘ওডোমস’। কিন্তু ওডোমস যেন একটা সোনার হরিণ! যে দোকানেই যান, উত্তর মেলে- নেই। রাজধানীর উত্তরায় তার অফিসের আশে-পাশে বিভিন্ন এলাকায়ও খুঁজে পাননি ওই ক্রিম। তিন দিন খোঁজার পর অবশেষে ক্রিমটি খুঁজে পান গুলশানের একটি নামকরা বড় ফার্মেসিতে।
সামসুজ্জামান বাংলা’কে বলেন, ‘ডেঙ্গুর যে ভয়বহ রূপ দাঁড়িয়েছে ঢাকাতে তা কোনোভাবেই অবহেলা করার বিষয় নয়। আমি আমার ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কের ভেতর আছি। শুনেছি মশা নিরোধক ক্রিম মাখলে মশা কামড়ায় না তাই অনেক খুঁজে এই ক্রিমটি পেলাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে উত্তরার অনেক বড় বড় দোকান খুঁজেও পাইনি। সবাই বলছে শেষ হয়ে গেছে…।’
তার কথার সূত্র ধরেই রাজধানীর বেশ কিছু এলাকা মশা নিরোধক ক্রিমের খোঁজ নিয়ে দেখা গেলো একই চিত্র। গত ৩/৪ দিনে রাজধানীর উত্তরা, বনশ্রী, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, পান্থপথ ও ধানমন্ডি এলাকার সব নামি-দামি ওষুধের দোকানে। কিন্তু সব বিক্রেতারাই জানালো, ‘ছিলো এখন নেই শেষ হয়ে গেছে।’ শুধু তাই নয় দু’একটি দোকানে পাওয়া গেলেও আগের চেয়ে ৪ থেকে ৫ গুন বেশি দামে বিক্রি হতে দেখা গেছে এই মশা নিরোধক ক্রিম। ‘ওডোমস’ হলো মশা নিরোধক মলমবিশেষ যা ক্রিম ছাড়াও লোশন, জেল, স্প্রে হিসেবেও পাওয়া যায়। ওডোমস, টুথপেস্টের মতো টিউবের ভেতর বিক্রি হয়।
মঙ্গলবার রাত ৮টায় ধানমন্ডির বেশ কয়েকটি বড় বড় ফার্মেসির সাথে আলাপ করে জানা গেলো, আগে ১০০ মিলিগ্রামের যে ক্রিম বিক্রি হতো ১৮০ টাকায় এখন সেই ক্রিম বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। আর ৫ গ্রামের যে ক্রিমটি বিক্রি হতো একশো টাকায় সেটি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। ধানমন্ডি এলাকার লাজফার্মা ফার্মেসির এক বিক্রেতা বলেন, ‘আমাদের কাছে যা ছিলো সব বিক্রি হয়ে গেছে। বাজারে চাহিদা থাকলেও সেই পরিমান সাপ্লাই নেই।’
আরেকটি দোকানের বিক্রেতা জানালেন, ক্রিম নেই। সব বিক্রি হয়ে গেছে। নতুন করে আনছি না, কারণ দাম অনেক বেড়ে গেছে। ১০০ টাকার জিনিস যখন ৫০০ টাকা হয়ে যায় তখন আসলে মানুষ কিনতে চায় না…।’
এর পাশের দোকানেই দেশ ফার্মেসির এক বিক্রেতা জানালেন, ‘এখন অনেক বেশি দামে মাল (জেল/ক্রিম/স্প্রে) আনতে হয়। যারা বেশি দাম দিবে তাদেরকেই মাল দিবে। ফলে দোকানদের মধ্যেও প্রতিযোগিতা হয়। আর দাম এখন কয়েক গুন বাড়তি… বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না…। ক্রিমের জন্য মার্কেটে হাহাকার লাগছে…।’ হঠাৎ কেন এতো চাহিদা? প্রশ্ন করতেই বিক্রেতা জানালেন, ‘ডেঙ্গুর যে অবস্থা মানুষ কি করবে…।’
বনশ্রী এলাকার এক বিক্রেতা বলেন, এখন অনেকেই এসে খুঁজছে। কিন্তু আমাদের কাছে নেই। অল্প কয়েকটি ছিলো শেষ হয়ে গেছে। আগেতো এতো বিক্রি হতো না । এই ধরেন মাসে ৫/৬টা। এখনতো অনেকেই খুঁজতে আসে…।
কথা হয় মোোম্মদপুরের বাসিন্দা রাজিব আহমেদের সাথে। তিনি জানান, ৮/১০ টি বড় বড় দোকান খুঁজে অবশেষে একটি দোকান থেকে কিনেছেন ‘ওডোমস’ ক্রিম। রাজিব আহমেদ বলেন, ‘আগে জঙ্গলে/পাহাড়ে দুর্গত এলাকায় গেলে এইসব ক্রিম ব্যবহার করতে হতো। এখনতো ঢাকায় ঘরের ভেতর বসে থাকতে হলেও এই ক্রিম ব্যবহার করতে হচ্ছে। তা হলে কোথায় আছি, কেমন আছি সেটা চিন্তা করে দেখুন।’
এদিকে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগির ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে। দেশের ৬১টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩৩৫ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। উৎস: বাংলা রিপোর্ট।










