বাজারে থাকা দুধ বিক্রি ও কেনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ
বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কম্পানির সবগুলোর পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসার মতো মানবাদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় ওইসব কম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিতরণ ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মুহূর্তে বাজারে থাকা দুধ বিক্রি ও কেনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।আদালত বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার প্রতিবেদন এবং মৎস ও পশু খাদ্য আইন-২০১০ অনুসারে বর্তমানে বাজারে থাকা ১৪টি কম্পানির পাস্তুরিত দুধ মানবদেহের জন্য অনিরাপদ ও অগ্রহনযোগ্য।
দুধ নিয়ে গতবছর জারি করা রুলের ওপর শুনানিকালে আদালত স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। এছাড়া পরবর্তী আদেশের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক। বিএসটিআইয়ের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। রিট আবেদনকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার মো. তানভির আহমেদ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফরিদুল ইসলাম।
অন্তবর্তীকালীন নির্দেশনায় পাস্তরিত দুধে অ্যান্টিবায়োটিক, সীসা আছে কীনা তা পরীক্ষার সক্ষমতা অর্জন এবং মান সম্পন্ন করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে ৫ সপ্তাহের মধ্যে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট গত ১৪ জুলাই এক আদেশে বাজার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুধের নমুনা সংগ্রহ করে তা চারটি পরীক্ষাগারে পরীক্ষা করতে নির্দেশ দেন। এই নির্দেশ মেনে বাজার থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি (সায়েন্স ল্যাব), আইসিডিডিআরবির ল্যাবরেটরি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (সাভার) ল্যাবরেটরি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার প্রতিবেদনের গত ২৩ জুলাই আদালতে দাখিল করা হয়। যা আজ উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল আদালত আদেশ দেন।
রুলে ১৪টি কম্পানির পাস্তুরিত দুধে মানব শরীরের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সীসার উপস্থিতি কেন সংবিধান ও সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে মানব শরীরের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সীসা সম্বলিত দুধ উৎপাদন, বাজারজাতকরণ ও বিপনন করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া তাদের মানবদেহের জন্য দুধ পরিশুদ্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ৮টি সংস্থা এবং ১৪টি দুধ কম্পানিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর বিএসটিআই’র আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান সাংবাদিকদের বলেন, আদালতের এই আদেশের পর আজ থেকে বাজারে থাকা পাস্তুরিত দুধ বেচাকেনা করা যাবে না। আদালতের প্রতি সম্মান দেখিয়ে বাজারে থাকা দুধ প্রত্যাহার করে নেবে সংশ্লিষ্ট কম্পানি। আর তারা যদি তা না নেয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আদালত পর্যবেক্ষণে বলেন, পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক, সীসা, ডিটারজেন্ট, ফরমালিন, ব্যাকটেরিয়াসহ ক্ষতিকর বিভিন্ন গতবছর ২১ মে এবিষয়ে রুল জারি করা হয়। আমরা আশা করেছিলাম, এই রুল জারির পর দুধ উৎপাদনকারী ও সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান দুধ পরিশুদ্ধ করতে কার্যকর পদক্ষেপ নেবে। আমরা আরো আশ্চার্যান্বিত হয়েছি যে, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট জাতীয় প্রতিষ্ঠানগুলো বিষয়টি মনিটরিং করবে, দুধ পরীক্ষার উদ্যোগ নেবে। কিন্তু তারা তা করেনি। আদালতের আদেশ দেওয়ার প্রয়োজন হলো। আইন থাকার পরও ভেজাল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আদালত বলেন, আমাদের নির্দেশের পর চারটি ল্যাবে দুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি এবং আনবিক শক্তি কমিশনের পরীক্ষায় দুধে ভেজাল ও দূষন পাওয়া গেছে। এই প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী দুধে অ্যান্টিবায়োটিক (অক্সিটেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন ও সিপ্রোফ্লক্সাসিন) এবং সীসার অস্তিত্ব পাওয়া গেছে। যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
আদালত বলেন, ব্যারিস্টার অনিক আর হক আদালতকে দেখান যে মৎস ও পশু খাদ্য আইন-২০১০ এর ১৪ নম্বর ধারায় বলা হয়েছে, (১) মৎস্যখাদ্য ও পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন, স্টেরয়েড ও কীটনাশকসহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। কেউ এটা করলে তা আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে। কিন্তু বাজারে থাকা দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। কিন্তু বিএসটিআই’র আইনজীবী বলছেন, অ্যান্টিবায়োটিকের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। কিন্তু আইন অনুযায়ী দুধে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক থাকতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।
পাস্তুরিত দুধ নিয়ে আইসিডিডিআর’বি-এর দেওয়া গবেষণার ফল নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। এই রিট আবেদনে গতবছর ২১ মে এক আদেশে বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কমিটি গঠন করে বাজারে থাকা পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে খাদ্য ও স্বাস্থ্য সচিব এবং বিএসটিআই’র মহাপরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় আদালতের আদেশে চারটি ল্যাবে দুধের নমুনা পরীক্ষা করা হয়।
যে ১৪টি কম্পানির দুধ উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে- ১. আফতাব মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’ ব্রান্ড ২. আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’ ব্রান্ড ৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’ ব্রান্ড ৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসার’স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’ ব্রান্ড ৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’ ব্রান্ড ৬. ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর ‘আড়ং ডেইরি’ ব্রান্ড ৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’ ব্রান্ড ৮. ইছামতি ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস এর ‘পিউরা’ ব্রান্ড ৯. ঈগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’ ব্রান্ড ১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’ ব্রান্ড ১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’ ব্রান্ড ১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’ ব্রান্ড, ১৩.পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’ ব্রান্ড এবং ১৪. তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস এর ‘সেইফ; ব্রান্ড।
আদেশের পর ব্যারিস্টার অনিক আর হক বলেন, ১৪টি ব্রান্ডের দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক ও সীসার উপস্থিতি পাওয়া গেছে। যদিও আমাদের মৎস ও পশু খাদ্য আইনে অ্যান্টিবায়োটিক ও সীসার ব্যবহার নিষিদ্ধ। আগামী ৫ সপ্তাহ তারা এগুলো উৎপাদন, বিপণন, সেল করতে পারবে না।
পাস্তুরিত দুধ নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষণা প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশ পাস্তুরিত দুধেই ভেজাল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। এই রিট আবেদনে গত বছরের ২১ মে বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কমিটি করে বাজারে থাকা পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। খাদ্য ও স্বাস্থ্য সচিব এবং বিএসটিআইয়ের মহাপরিচালককে দেওয়া এই নির্দেশের পর গত ২৫ জুন বিএসটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিএসটিআই’র পক্ষ থেকে বলা হয়, চৌদ্দটি কম্পানির পাস্তরিত দুধে আশঙ্কাজনক বা ক্ষতিকর কোনো কিছুই পাওয়া যায়নি। কিন্তু একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ ও বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার এক সংবাদ সম্মেলন করে দাবি করে যে, পাস্তুরিত দুধে মানুষের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক লেভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন ও এজিথ্রোমাইসিন রয়েছে। এ ছাড়া রয়েছে ফরমালিন ও ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া গেছে। এই প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এরইমধ্যে ১৩ জুলাই একই বিভাগ থেকে পৃথক একটি প্রতিবেদন দেওয়া হয়। এ অবস্থায় গত ১৪ জুলাই শুনানিকালে ঢাবির এই দুই প্রতিবেদনের ভিত্তিতে বিএসটিআই কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান আদালত। এরই ধারাবাহিকতায় ওইদিন শুনানি শেষে আদালত চারটি ল্যাবে পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দেন। যা গতকাল উপস্থাপন করা হয়।










