জালনোট প্রতিরোধ ৮ বছরেও চূড়ান্ত হয়নি আইনটি
অনলাইন ডেস্ক : সুনির্দিষ্ট আইন না থাকায় জালনোটের কারবারিরা সহজেই পার পেয়ে যাচ্ছে। বিশেষ ক্ষমতা আইন ও দ-বিধি অনুযায়ী জালনোট চক্রের বিচার করা হয়। কিন্তু এই আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা খুব সহজেই ছাড়া পেয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে।
তাই পৃথক আইন তৈরির উদ্যোগ নেওয়া হয় ২০১১ সালে। এর মধ্যে তিন দফায় খসড়া করা হয়েছে। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড- থেকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। কিন্তু আট বছরেও চূড়ান্ত হয়নি আইনটি। কী কারণে এটি ঝুলে আছে তাও জানা যায়নি।
এদিকে বসে নেই জালনোট কারবারিরা। মাঝেমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ছে জালনোট চক্রের সদস্যরা। ঈদ বা অন্য কোনো উৎসব এলেই তাদের তৎপরতা বহুগুণ বেড়ে যায়।
বর্তমানে দ-বিধি-১৮৬০-এর ৪৮৯(ক) ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর নির্দিষ্ট ধারা অনুযায়ী জালনোট কারবারের বিচার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-। বিদ্যমান আইনে প্রত্যক্ষদর্শী সাক্ষীর বিষয়টি থাকায় জালনোট কারবারিরা ধরা পড়ার পর বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত ছাড়া পায়। কেননা বেশিরভাগ ক্ষেত্রে হয়রানির আশঙ্কায় প্রত্যক্ষদর্শীরা সাক্ষী হতে চান না।
এ পরিস্থিতিতে ‘জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন-২০১৭’ খসড়া প্রণয়ন করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয় ২০১৭ সালে। কিন্তু আইনটি চূড়ান্ত করার পরবর্তী প্রক্রিয়া আর গ্রহণ করা হয়নি।
প্রথমে ২০১১ সালের মাঝামাঝি জালনোট প্রতিরোধসংক্রান্ত কেন্দ্রীয় টাস্কফোর্সের সভায় একটি পূর্ণাঙ্গ আইন করার সিদ্ধান্ত হয়। এর পর বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ প্রাথমিক খসড়া তৈরি করে। এতে ১০ হাজার বা তার বেশি জালনোট বা ১০ হাজার জালনোট তৈরি করা যায়, এমন পরিমাণ কাগজ, কালি ও অন্যান্য সামগ্রী কারও কাছে পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদ-ের সুপারিশ করা হয়েছিল।
তবে এদের বিরোধিতা করে খসড়া তৈরিতে সহযোগিতা দেওয়া জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেস ব্যাংক। তাদের আপত্তিতে মৃত্যুদ-ের বিধান পরিবর্তন করে খসড়াটি সংশোধন করা হয়। তবে ওই সময় বুন্দেস ব্যাংক সহযোগিতা প্রত্যাহার করে নেওয়ায় আইন তৈরির প্রক্রিয়া ঝুলে যায়। ২০১৩ সালে অর্থ মন্ত্রণালয় খসড়াটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফেরত পাঠানোর পর এ কাজে আর গতি আসেনি। এর দীর্ঘ চার বছর পর ২০১৭ সালে খসড়া আইনটি আবার অর্থ মন্ত্রণালয়ে যায়। সেই আইনে ভিডিও, ছবি, সংবাদপত্রের প্রতিবেদন ইত্যাদিকে প্রমাণ হিসেবে গ্রহণের কথা বলা হয়েছে।
খসড়া আইন অনুযায়ী, তিনবার কোনো ব্যক্তির কাছে ৫০০ পিসের বেশি যে কোনো মূল্যমানের জালনোট পাওয়া গেলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন বা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত করা হবে। তবে প্রথমবার একই সংখ্যক জাল মুদ্রা পাওয়া গেলে সর্বোচ্চ সাত বছরের কারাদ- বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত করা হবে।
দ্বিতীয়বার একই ব্যক্তির কাছ থেকে তা পাওয়া গেলে সর্বোচ্চ ১২ বছরের কারাদ- বা আর্থিক জরিমানা প্রথমবারের দ্বিগুণ অথবা উভয় দ- দেওয়া হবে। অপরাধীর শাস্তি নিশ্চিত করতে জালনোট তৈরির সরঞ্জাম, কারখানা বা বড় চালানসহ কাউকে গ্রেপ্তার করলে তা জামিন অযোগ্য মামলা হিসেবে বিবেচনা করতে হবে। দ্রুততম সময়ে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর ৬ ধারা সংশোধন করে জালনোটের বিষয়টি যুক্ত করার কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, জালনোট কারবারিদের কঠোরভাবে দমন করতে নতুন আইন হচ্ছে। এটি হলে সহজেই জামিন পাওয়া বন্ধ এবং কঠোর শাস্তি নিশ্চিত করা যাবে। অন্য আইনে জালনোটের মামলার বিচারে অনেক সময় লাগছে। যে কারণে অপরাধীদের শাস্তি দেওয়া যাচ্ছে না।
খসড়ায় যে কোনো মূল্যমানের জালনোট ১০০ পিসের কম পাওয়া গেলে সর্বোচ্চ দুই বছরের কারাদ- বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দ-ের বিধান রাখা হয়েছে। একই ব্যক্তির কাছে দ্বিতীয়বার একই পরিমাণ জালনোট পাওয়া গেলে সর্বোচ্চ ৫ বছরের কারাদ- বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দ- হবে। তৃতীয়বার একই ব্যক্তি একই পরিমাণ জালনোট নিয়ে ধরা পড়লে সর্বোচ্চ ১০ বছর কারাদ- বা ২০ লাখ টাকা দ- অথবা উভয় দ-ের বিধান রাখা হয়েছে।
খসড়া আইনে জাল মুদ্রা প্রস্তুত, ক্রয়-বিক্রয়, খাঁটি বলে ব্যবহার ও লেনদেন, প্রতারণার উদ্দেশ্যে নিজের দখলে রাখা, দেশ থেকে বিদেশ বা বিদেশ থেকে সরবরাহ, পরিবহন ও পাচার, অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিতরণ অপরাধ বলে গণ্য হবে। এ ছাড়া জাল মুদ্রা তৈরির জন্য যন্ত্রপাতি বা উৎপাদন বা দ্রব্যাদি প্রস্তুত, সরবরাহ, আমদানি, মেরামত, বাহন ও ক্রয়-বিক্রয়ও অপরাধ। মুদ্রা তৈরি সংক্রান্ত পদ্ধতি, তথ্য আদান-প্রদান, ফাইল ক্লিপ, হার্ডডিস্ক রাখা, এ সংক্রান্ত কোনো গুজব ছড়ানো এ আইনের আওতায় অপরাধ হিসেবে সাব্যস্ত হবে।
আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ সচিবের নেতৃত্বে একটি জাতীয় কমিটি করা হবে। গঠন করা হবে জেলা পর্যায়ের কমিটি। উভয় কমিটির সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ‘জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেল’ গঠন করা হবে। এর প্রধান হবেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর। সেল থেকে অন্যান্য দেশে এ ধরনের আইনের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আইনের দুর্বলতার সুযোগে দেশে জালনোটের বিস্তার ঘটছে। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় জালনোট সংক্রান্ত মামলা রয়েছে ৬ হাজার ৭০৪টি। এর মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে হয়েছে ২৩টি। তিন মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৮টি। আর গত বছর নিষ্পত্তি হয় ৫০টি। এর আগে ২০১৭ সালে ২৮৭টি, ২০১৬ সালে ৩৪৪টি, ২০১৫ সালে ৪১০টি এবং ২০১৪ সালে ৩৬৮টি মামলা হয়। সূত্র : আমাদের সময়










