টার্গেট ধনীর দুলালি
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের ধনাঢ্য পরিবারের সন্তান শিলু চৌধুরী (ছদ্মনাম)। এক বিদেশি তরুণের কাছ থেকে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পান। শিলু চৌধুরী তার রিকোয়েস্ট গ্রহণ করেন। তারা নিয়মিত চ্যাটিং করেন। ভালো বন্ধুত্বে রূপ পায় তাদের সম্পর্ক। বন্ধুত্বের এক পর্যায়ে শিলু চৌধুরীর কাছে কিছু উপহার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। বিদেশি বন্ধুর কাছ থেকে দামি উপহার পাওয়ার প্রস্তাব পেয়ে শিলু চৌধুরী আপ্লুত হন। উপহার পাঠানোর প্রস্তাবের সপ্তাহখানেক পরেই বাংলাদেশ থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে এক নারী ফোন করেন শিলু চৌধুরীকে। কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করা ওই নারী শিলু চৌধুরীকে জানান, তার নামে বিদেশ থেকে একটি পার্সেল এসেছে। এতে ডায়মন্ডসহ
মূল্যবান সামগ্রী আছে। বাংলাদেশ কাস্টমস আইন অনুযায়ী শুল্ক পরিশোধ সাপেক্ষে এই পার্সেল ছাড়িয়ে নিতে হবে। শুল্ক পরিশোধের জন্য শিলু চৌধুরীকে চারটি ব্যাংক হিসাব নম্বর দেওয়া হয়। এসব হিসাবে টাকা জমা করার পর রসিদ ই-মেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়। ডায়মন্ডসহ মূল্যবান উপহার সামগ্রী বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছেছেÑ এমন তথ্যে ভীষণ খুশি শিলু চৌধুরী। পরে কাস্টমস কর্মকর্তার দেওয়া ব্যাংক হিসাব নম্বরগুলোত সাড়ে আট লাখ টাকা জমা করেন। এই টাকা জমার পর রসিদ ই-মেইল করার পর পুনরায় ফোন করেন কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া ওই নারী। তিনি শিলু চৌধুরীকে বলেন, ‘পার্সেলের শুল্কায়ন হিসাবে কিছুটা ত্রুটি হয়েছিল। বিদেশি পার্সেলের বিপরীতে শুল্ক এসেছে ১৫ লাখ টাকা। তাই শিলু চৌধুরীকে বাকি টাকাও পরিশোধ করতে হবে। না হলে এই বিষয়ে মামলা হতে পারে এবং সাড়ে আট লাখ টাকাও খোয়া যাবে।’ কাস্টমস কর্মকর্তার কাছে অবশিষ্ট টাকা না দিলে মামলার হুমকি পেয়ে শিলু চৌধুরী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর বিষয়টি পরিবার এবং গোয়েন্দা পুলিশকে জানান। গোয়েন্দা পুলিশের পরামর্শে অজ্ঞাতনামা প্রতারকদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরেই গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য বিপ্লব লস্কর, কায়েস হোসেন, রবিউল হোসেন ও মোশারুল ইসলাম মুছাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই প্রতারণার রহস্য উন্মোচন করে।
প্রতারণার ধাপ : গোয়েন্দারা জানান, মূল প্রতারক বিদেশি নাগরিক। তিনি শিলু চৌধুরীকে উপহার পাঠানোর প্রস্তাব দিয়ে বলেন, ‘এটা তাদের দেশের রীতি। বন্ধুকে উপহার দিতে হয়।’ শিলু চৌধুরী উপহার নিতে রাজি হলে পার্সেল বাংলাদেশে এসেছে জানিয়ে ফোন করেন কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া আরেক বাংলাদেশি নারী। শুল্ক পরিশোধের টাকা জমা করতে বলেন ব্যাংক হিসাবে। এসব ব্যাংক হিসাবধারীও বাংলাদেশি নাগরিক। প্রথম ধাপে ছিলেন কায়েস হোসেন। তিনি একজন সাব এজেন্ট। তার হিসাব নম্বরের বিপরীতে ব্যাংকের চেকে স্বাক্ষর করিয়ে জমা রাখেন মূল এজেন্ট বিপ্লব লস্কর। সাব এজেন্টের ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার দিনই ডেবিট কার্ড অথবা চেকের মাধ্যমে টাকা তুলে নেন বিপ্লব লস্কর। এ ক্ষেত্রে ব্যাংক হিসাব নম্বর ব্যবহৃত হওয়ায় প্রতি এক লাখ টাকার বিপরীতে দুই হাজার টাকা কমিশন পান সাব এজেন্ট কায়েস হোসেন। দ্বিতীয় ধাপে প্রতারণার মাধ্যমে আদায়ের টাকা চলে যায় মূল এজেন্ট বিপ্লব লস্করের কাছে। এবার বিপ্লব লস্কর টাকা স্থানান্তরের জন্য আর ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেন না। নগদ টাকা পৌঁছে দেন মূল প্রতারক তথা বিদেশির কাছে। এ ক্ষেত্রে বিপ্লব লস্কর পান প্রতি এক লাখ টাকায় তিন হাজার টাকা হারে কমিশন। যোগাযোগ চলে হোয়াটঅ্যাপে : গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা কখনো মোবাইল ফোন নম্বর ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন না।
হোয়াটঅ্যাপ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করেন। প্রতারকরা প্রযুক্তিতে খুবই সচেতন। একজন ধরা পড়লেও যেন দলের অন্য কেউ ধরা না পড়েন, সেই লক্ষ্যে তাদের বিশেষ বার্তা দেওয়া থাকে। কেউ আধা ঘণ্টা সময় ফোন বন্ধ রাখেন না। বন্ধ রাখলেই তারা বুঝে নেয় কোনো বিপদ হয়েছে। তখন তারা সটকে পড়ে। গোয়েন্দারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ধনাঢ্য পরিবারের নারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে এমন বিদেশি চক্র। প্রতারক চক্রের মূল হোতা নাইজেরিয়া, কেনিয়া বা আয়ারল্যান্ডের নাগরিক। এদের অনেকেই ইতিমধ্যে ঢাকায় গ্রেফতার হয়েছে। আরও অনেকে আছেন আত্মগোপনে। তবে চক্রটি ওই কাজে ব্যবহার করছে তাদের এ দেশীয় সহযোগীদের। গোয়েন্দা কর্মকর্তা বলেন, গিফটের কথা কেউ বললেই পুলিশকে অবহিত করতে হবে। তাছাড়া এমন আহ্বানে কারো সাড়া দেওয়া উচিত নয়। উৎসঃ বিডি প্রতিদিন










