যে কাজ বাদ গেলে হজ হবে না
আর্থিক ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। তবে যখনই সক্ষমতা আসে তখনই এ হজ আদায় করা জরুরি।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- সক্ষমতা থাকা সত্ত্বেও যথাসময়ে হজ আদায় না করার ফলে পরবর্তীতে হজ করার সামর্থ্য যদি না থাকে তবেও তার ওপর থেকে হজের হুকুম বাদ যাবে না। তাই হজের সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা জরুরি।
আর যারা হজ আদায় করতে মক্কায় যায়, তাদের জন্য হজের রোকনগুলো যথাযথ আদায় করা অতীব জরুরি। এর কোনোটি বাদ পড়লে কিন্তু হজ হবে না। আর যদি হজের ওয়াজিব তরক হয় তবে ফিদইয়ার ব্যবস্থা রয়েছে।
হজের রোকন ও ওয়াজিবগুলো নিম্নে আলোকপাত করা হলো-
হজের রোকন
হজের ৪টি রোকন
ইহরাম বাঁধা
আরাফাতের ময়দানে অবস্থান করা
ত্বাওয়াফে ইযাফাহ করা
সাফা-মারওয়া সাঈ করা
হজের ওয়াজিব
হজে ৭টি কাজ করা আবশ্যক
নির্ধারিত মিকতা বা সীমানা থেকে ইহরাম বাঁধা
আরাফাতের ময়দানে সুর্যাস্ত পর্যন্ত অবস্থান করা
মুযদালিফায় রাত যাপন করা
আইয়ামে তাশরিক্বের রাতগুলো মিনায় অতিবাহিত করা
১০ তারিখ জামরাতুল আক্বাবায় ও ১১, ১২ ও ১৩ তারিখ তিন জামরায় কংকর নিক্ষেপ করা
মাথা মুণ্ডন করে অথবা পুরো মাথার চুল ছোট করে ইহরাম থেকে বের হওয়া
দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ করা
যদি কেউ হজের ৪টি রোকনের কোন একটি আদায় করতে না পারে তবে তার হজ সম্পূর্ণ হবে না। হজ নষ্ট হবে। এই কারণে তাকে পরবর্তী বছর আবারও হজ সম্পাদন করতে হবে। হজের রোকন তরকে কোনো ফিদ্ইয়া নাই।
আর হজের ওয়াজিব তথা আবশ্যকীয় কাজগুলোর মধ্যে যদি কোন একটি ছুটে যায়, তবে তাকে ফিদ্ইয়া আদায় করতে হবেই। ওয়াজিব বা আবশ্যকীয় কাজ তরক করলে ফিদ্ইয়া আদায়ও আবশ্যক হয়ে যায়।
ফিদইয়া কী
পশু (বকরি, দুম্বা, উট) কুরবানি করা
৬ মিসকিনকে ৩ ‘ছা’ পরিমাণ খাদ্য দেয়া
৩টি রোজা পালন করা
এ ছাড়াও যদি কেউ কুরবানি তরক করে তবে তাকে ১০টি রোজা পালন করতে হবে। ৩টি হজের মধ্যে আর বাকি ৭টি হজের পর বাড়ি ফিরে আদায় করতে হবে। এমনটিই মহান আল্লাহর নির্দেশ।
হজের মধ্যে ৩ টি হলো ১১, ১২ ও ১৩ জিলহজ। (যদিও এ তারিখে সাধারণভাবে রোজা পালন করা নিষিদ্ধ কিন্তু এই সময় ফিদইয়ার ৩ টি রোজা রাখা যায়।
আল্লাহ তাআলা সব হজ পালনকারীকে যথাযথভাবে হজের রোকন ও ওয়াজিবগুলো পালন করার মাধ্যমে হজ সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।










