সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে যে কারণে জনপ্রিয় হচ্ছে পপ সঙ্গীত

news-image

সৌদি আরবে জনপ্রিয় হয়ে উঠছে আন্তর্জাতিক পপ সঙ্গীত। কিন্তু এর সঙ্গে বাড়ছে মানবাধিকার সংকট নিয়ে শিল্পীদের রাজনৈতিক সচেতনতাও। প্রশ্ন উঠেছে। কারো কারো অভিযোগ, মানবাধিকার ইস্যু ধামাচাপা দিতেই বিদেশি সংস্কৃতির দুয়ার খুলছে সৌদি সরকার। সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড ‘সুপার জুনিওর’খুব জনপ্রিয়। সে দেশে ব্যান্ডটির প্রচুর ফ্যান রয়েছে। দেশটিতে প্রথম পারফর্ম করা পপ ব্যান্ড হচ্ছে সুপার জুনিওর। সফরের মাত্র ১০ দিন আগে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব টিকেট বিক্রি হয়ে যায়।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি ভেন্যুতে সুপার জুনিওরকে উচ্ছ্বসিত তরুণ সৌদিরা বরণ করে নেন। মাত্র কয়েক বছর আগেও সৌদি আরবে এমন কনসার্ট ছিল অকল্পনীয়। কোরীয় পপতারকারাও এতো উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন। স্টেজে তারা সৌদি ভক্তদের ‘আই লাভ সৌদি অ্যারাবিয়া’ এবং ‘আসসালামোআলাইকুম’বলে সম্ভাষণ জানিয়েছেন।

প্রথম কে-পপ ব্যান্ড হলেও অন্য নানা আন্তর্জাতিক ব্যান্ড দল ও গায়ক সৌদি আরবে সম্প্রতি পারফর্ম করেছেন। জানুয়ারিতে মারিয়া ক্যারে ও শন পল একসঙ্গে পারফর্ম করেন। সৌদি রাজধানী রিয়েদের পাশে দারিয়াতে প্রথম ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপে ব্ল্যাক আইড পিস, এনরিক ইগলেসিয়াস এবং ডেভিড গুয়েটা পারফর্ম করেছেন। সৌদি বাদশাহ সালমানকে নিয়ে গাওয়া ডেভিড গুয়েটার একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তোলে।

ফরাসি এই ডিজের এমন কাজে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাহরাইনের মানবাধিকার কর্মী মারিয়াম আলখাওয়াজা। তার সহকর্মীদের সৌদি কারাগারে আটক করে রাখার বেশ কিছু রিপোর্টও প্রকাশ করেন তিনি। হইম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভও এই ‘খুনি রাজত্বের’ সঙ্গে ব্যবসা করায় শিল্পীদের সমালোচনা করেছেন।

মানবাধিকার সংকট-সম্প্রতি মার্কিন ব়্যাপার নিকি মিনাজ মানবাধিকার কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবে তার একটি পারফরম্যান্স বাতিল করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ‘অনেক চিন্তাভাবনা করে আমি জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সৌদি আরবের আমার ভক্তদের কাছে আমার পারফরম্যান্স নিয়ে হাজির হতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন ইস্যুতে জানার পর আমার মনে হয়েছে, নারী অধিকার, এলজিবিটিকিউ অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমার দাঁড়ানো উচিত।’

সৌদি আরবকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম দমনমূলক রাষ্ট্র হিসেবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে আধুনিকায়নের অনেক পদক্ষেপ নিলেও সৌদি আরবের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে তিনি কিছুই করেননি। ফলে প্রায়শই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই দেশটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে।

সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গণে ভাবমূর্তি খুইয়েছেন সংস্কারপন্থী সৌদি যুবরাজ সালমান। এই হত্যাকাণ্ডের জন্য যুবরাজকে দায়ী করে প্রস্তাব পাস হয়েছে মার্কিন সিনেটে। এ ঘটনায় ক্ষুব্ধ জার্মান সরকারও দেশটির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা চাপিয়েছে।

জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ডের স্পিগেলের বিদেশ প্রতিনিধি সুজানে কোয়েলবল মনে করেন, শিল্পীরা স্টেজে উপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্যে মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলতে পারেন। তিনি মনে করেন, সৌদি রাজতন্ত্র একটি রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের কনসার্টকে কাজে লাগাচ্ছে। জেদ্দায় আয়োজন করা প্রথম কনসার্টে উপস্থিত ছিলেন কোয়েলবল। যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সেখানে বড় পর্দায় বেশি বেশি করে দেখানো হচ্ছিলো৷

পরে কোয়েলবল বলছেন, আন্তর্জাতিক বিভিন্ন মিউজিশিয়ানকে পারফর্ম করার জন্য ডেকে জনগণের সামনে ‘নিষ্প্রাণ রাজতন্ত্র’ থেকে ‘প্রশংসনীয় রাজতন্ত্রে’ পরিণত হতে চায়। সৌদি রাজতন্ত্র নিজেদেরকে দেশটির মানুষের ‘জাতীয় পরিচয়’ হিসেবে উপস্থাপন করতে চায়। এর ফলে তরুণ সৌদিরা বিন সালমানেরও ভক্তে পরিণত হবে, কারণ তিনিই প্রথম শাসক যে বিদেশি বিনোদনের অবাধ বিচরণ নিশ্চিত করেছেন।

কিন্তু সৌদি আরবকে বিনোদনের কেন্দ্রে পরিণত করাকে কোয়েলবল দেখছেন দেশের মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, বিরোধীদের নিষ্ঠুর দমন, এই সব বিষয়কে আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা হিসেবে।তবে যে যাই বলুক, আপাতত এই কৌশল বেশ কাজেই লাগছে বলেই ধারণা করা যায়। কেননা অক্টোবরে দক্ষিণ কোরিয়ার আরেক জনপ্রিয় ব্যান্ড দল সৌদি আরবে পারফর্ম করার ঘোষণা দিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর