মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে যাওয়ার স্বপ্ন ভঙ্গ: কঠিন পরিস্থিতির মুখোমুখি দেশে ফিরে

news-image

নিউজ ডেস্ক।। ফাইল ছবি বহু দরিদ্র বাংলাদেশির মতো কমল শোহলাগারও বিদেশে গিয়ে কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। পরিবর্তন এসেছিল- তবে তিনি যেমনটা চেয়েছিলেন সেরকম নয়। ৩৩ বছর বয়সী কমল মানব পাচারকারীদের সঙ্গে লিবিয়া গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সেখান থেকে ইউরোপ যাওয়া। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়। তাকে আটক করে রাখে পাচারকারীরা। তার মুক্তির জন্য পরিবারের কাছে অর্থ দাবি করা হয়। তার পরিবার ১৪ হাজার ডলার দিয়ে তাকে ছাড়িয়ে আনে।

বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। উচ্চ সুদের বিনিময়ে এসব অর্থঋণ করা হয় স্থানীয় মহাজনদের কাছ থেকে। তিনি গত বছর বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু তিনি ফিরে আসেন একজন বেকার হিসেবে, যার ঘাড়ে বোঝা হয়ে পড়ে বিশাল অংকের ঋণ। এই বোঝার যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নেয়ার চিন্তাও করেছিলেন তিনি।

কমল থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমাকে বাঁচাতে আমার পরিবারের অনেক ঋণ করতে হয়েছে। ঋণদাতারা প্রতিদিন বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যেত। কখনো কখনো ইচ্ছে হতো গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে নেই।

বাংলাদেশি সক্রিয় দাতব্য সংস্থাগুলো বলছে, এরকম হাজার হাজার অভিবাসীকে প্রতি বছর ফিরে এসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর তাদের জন্য তেমন সরকারি সাহায্যের ব্যবস্থাও নেই। অনেকেই মানব পাচারের শিকার হয়ে থাকেন।

সরকারি তথ্য অনুসারে, ২০১৭ সালে অন্তত ১০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছে। বাংলাদেশের কর্মজীবী অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যা ছিল এটি। কিন্তু বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশিরা প্রায়ই লাইসেন্সহীন দালালদের শরণাপন্ন হন। আর সেখান থেকে খুলে যায় পাচার ও প্রতারণার দরজা। গত মাসে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৬৪ বাংলাদেশিকে তিউনিশিয়ার এক উপকূল থেকে উদ্ধার করা হয়। মে মাসে একই অঞ্চলে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৭ জন।

বাংলাদেশি দাতব্য সংগঠন ব্র্যাক এর অভিবাসন বিষয়ক বিভাগের প্রধান শরিফুল হাসান জানান, ফিরে আসা অভিবাসীদের সাহায্য করার জন্য কোনো যথাযথ সরকারি ব্যবস্থা নেই। সকল নীতিমালা ঠিক করা হয়েছে মানুষকে বাইরে পাঠানোর জন্য। এমনকি প্রতি বছর কত মানুষ ফিরে আসে তার হিসাব রাখার মতো কোন ব্যবস্থাও নেই আমাদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাচার-বিরোধী কর্মসূচির প্রধান আবু বকর সিদ্দীক, ফেরত আসা অভিবাসীদের সাহায্য করার ক্ষেত্রে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা স্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে আমাদের কাজ হচ্ছে, ফিরে আসা ব্যক্তি যেন পরিবারের কাছে পৌঁছতে পারে তা নিশ্চিত করা। আমাদের যে পরিমাণ সক্ষমতা আছে তা দিয়ে এটুকুই সম্ভব। আমরা ভারতে পাচার হওয়া মেয়েদের নিয়ে কাজ করি। পাচারের শিকার হওয়া ব্যক্তিদের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে। আর কাউন্সেলিংয়ের বিষয়টি আমরা এখনো সক্ষমভাবে সামলাতে পারিনি। আমাদেরকে বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন করতে হবে।

মিথ্যা প্রতিশ্রুতি : প্রতি বছর কতজন মানুষ প্রতারণার শিকার হন সে বিষয়ে কোনো সরকারি তথ্য নেই। তবে দাতব্য সংগঠনগুলোর দাবি, সে সংখ্যা গড়ে কয়েক হাজার। অভিবাসী অধিকার বিষয়ক সংগঠন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের ২০১৭ সালে করা এক গবেষণা অনুসারে, ফেরত আসা ৫১ শতাংশ অভিবাসী প্রতারণার শিকার হয়েছেন বা বিদেশে থাকাকালীন অসদাচরণের শিকার হয়েছেন। অনেক দালালই টাকার বিনিময়ে অভিবাসন প্রত্যাসীদের বিদেশে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব ক্ষেত্রে গড়ে প্রতি পাঁচ জনের একজন দেশের সীমান্তও অতিক্রম করতে পারে না।

কমলের মতো আটক হয়ে অর্থ পরিশোধ করে ফিরে আসার ঘটনা একেবারেই বিরল নয়। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) জানিয়েছে, এরকম ঋণের বোঝা থাকায় অনেকের হাতে পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করা ছাড়া উপায় থাকে না। বিদেশে গিয়ে কাজ করাই অনেকের জন্য ঋণ শোধ করার একমাত্র উপায় হয়ে ওঠে। আইওএমের অভিবাসন ও উন্নয়ন বিভাগের প্রধান প্রাভিনা গুরুং বলেন, ঋণদাতাদের চাপের মুখে অভিবাসীদের পক্ষে বাড়িতে থাকা সম্ভব হয় না। অর্থনৈতিক অসচ্ছলতা, পুনরায় সমাজে মেশা ও মনস্তাত্ত্বিক যন্ত্রণায় পুনরায় অনিরাপদ অভিবাসন চেষ্টা করে তারা। কোনো কোনো ক্ষেত্রে এর ফল হয় আরো ঋণ ও কখনো আত্মহত্যা।

৪০ বছর বয়সী মোহাম্মদ জাকির হোসেন একটি পোশাক কারখানায় টেকনিশিয়ানের কাজ করতেন। আরো ভাল কাজের সন্ধানে এক দালালকে অর্থ পরিশোধ করে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কিন্তু ইতালির বদলে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়া। সেখানে পাচারকারীরা তাকে কাজ করতে বাধ্য করে। তার বেতন থেকে কেটে নেয় অর্থ। তাকে বলা হয়, একসময় সে ইতালি পৌঁছাতে সক্ষম হবে। কিন্তু তেমনটি হয়নি।

ঢাকায় ফিরে এসে রাস্তার ধারে একটি ফলের দোকান দেন তিনি। বিদেশ যাওয়ার জন্য ৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৪ লাখ ২২ হাজার টাকার বেশি) ঋণ নিয়েছিলেন। আপাতত আশা করছেন ফলের দোকান থেকে করা আয় দিয়ে ওই অর্থ পরিশোধ করবেন। কিন্তু এরপরও বিদেশ যাওয়ার আশা ছাড়েননি জাকির। জানিয়েছেন, ফের চেষ্টা চালাবেন তিনি।

তিনি বলেন, আপনি হয়তো আমায় পাগল ভাববেন। কিন্তু সুযোগ পেলে আমি আবার ঋণ নেবো। আমার বৃদ্ধ মাসহ এখন আমার আয়ের ওপর নির্ভর করে আছে পাঁচজন মানুষ। আমি এখন যা উপার্জন করি তা মোটেই যথেষ্ট না। ফেরত আসা অভিবাসীদের সাহায্য করা গুটিকয়েক স্থানীয় সংগঠনগুলোর একটি হচ্ছে ব্র্যাক। হাসান জানান, তারা এক্ষেত্রে একটি ত্রৈমাত্রিক পদ্ধতি অবলম্বন করেন- ফিরে আসায় আংশিক সাহায্য, অর্থনৈতিক সাহায্য ও কাউন্সেলিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের কামাল চৌধুরী ফিরে আসা অভিবাসীদের কাউন্সেলিংয়ের কাজ করেছেন। তিনি জানান, অনেকে ধর্ষণ বা যৌন হয়রানির শিকার হয়েছেন। তাদের সকল ধরণের সহায়তা দরকার। তিনি সরকারের প্রতি ফেরত আসা অভিবাসীদের মূল্যায়ন আবশ্যক করার আহ্বান জানিয়েছেন। ফিরে আসা অভিবাসীরা ভাঙা স্বপ্ন নিয়ে বাড়ি ফেরেন। (থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রতিবেদনের সম্পাদিত ভাবানুবাদ। মূল প্রতিবেদনটি লিখেছেন নাইমুল করিম।)  উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক