সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলা : দুই মাদ্রাসাছাত্রী আদালতে বর্ণনা দিল সিরাজের কুকীর্তির

news-image

নিউজ ডেস্ক।। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোমবার আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে মাদ্রাসার দুই ছাত্রী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিভিন্ন অপকর্মের বর্ণনা দিয়েছেন। সিরাজের হাতে অনেক ছাত্রীর যৌন নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেন তারা। পরে আসামিপক্ষের আইনজীবীরা এ দু’জনকে জেরা করেন। মঙ্গলবার সাক্ষীদের অসমাপ্ত জেরা এবং পরবর্তী সাক্ষী উপস্থিত থাকার আদেশ দেন আদালত।

সোমবার সকাল থেকে আদালতপাড়ায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা। সকাল ১১টার দিকে ফেনী কারাগার থেকে কড়া নিরাপত্তায় নুসরাত হত্যার ১৬ আসামিকে সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ দিন অন্যান্য মামলার শুনানি বন্ধ রেখে নুসরাত হত্যা মামলার দুই মাদ্রাসাছাত্রীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামিদের কাঠগড়ায় তোলার পর ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এজলাসে আসন গ্রহণ করেন। তিনি আসামিদের উপস্থিতি নিশ্চিত হয়ে দিনের কার্যতালিকা অনুসারে সাক্ষ্য গ্রহণ শুরু করেন। রোববার শুরু করা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নিহত নুসরাতের বান্ধবী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তির সাক্ষ্য গ্রহণ সোমবার শেষ করেন আদালত।

নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তি মাদ্রাসাছাত্রীদের ওপর সিরাজের যৌন নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেন। আসামির কাঠগড়ায় সিরাজ-উদ-দৌলার উপস্থিতিতে ছাত্রীরা তাদের বক্তব্য দিয়েছেন। বিচারক তাদের বক্তব্য লিপিবদ্ধ করেন।

জবানবন্দি শেষে প্রথমে নিশাত সুলতানার সাক্ষ্যের ওপর জেরা শুরু হয়। এ সময় অধ্যক্ষ সিরাজের পক্ষে জেরা করেন আইনজীবী ফরিদ উদ্দিন নয়ন, আসামি রুহুল আমিন ও আফসার উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান, ইমরান হোসেন মামুনের পক্ষে অ্যাডভোকেট মাহফুজুল হক, মাকসুদ আলমের পক্ষে সামছুল হক, নুরউদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ ও ইফতেখার উদ্দিন রানার পক্ষে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, জোবায়ের হোসেনের পক্ষে আবুল বশর, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি, শাহাদাত হোসেন শামীমের পক্ষে অ্যাডভোকেট নুর ইসলাম ও মোহাম্মদ শামীমের পক্ষে জেরায় অংশ নেন সিরাজুল ইসলাম মিন্টু।

পিপি হাফেজ আহাম্মদ ও বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, বিকেল পৌনে ৫টা পর্যন্ত নাসরিন সুলতানা ফুর্তির জবানবন্দির ওপর শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। কিন্তু জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ দিন অসমাপ্ত জেরা সমাপ্ত এবং মামলার ৪ নম্বর সাক্ষী নুরুল আমিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার নির্দেশে ৬ এপ্রিল নুসরাত জাহানের শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক