সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শয়তানের মহৌষধ ‘বিসমিল্লাহ’!

news-image

ইসলাম ডেস্ক।। ছোটবেলায় কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলার জন্য মুরুব্বিদের তাগিদ দিতে শুনতাম। এখন আর সেই দিনের মতো তাগিদ দিতে দেখা যায় না। সবাই যার যার মতো ব্যস্ত। এভাবে আমরা যদি শুরু করার বিষয়েও উদাসীন হয়ে পড়ি কিংবা শুরুতেই ইসলামের বিধান অবহেলা করি, তাহলে আমাদের ঈমানের অবস্থা হবে নড়বড়ে, এতে কোনো সন্দেহ নেই।

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে শুরু করা মানে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু শুরু করা। এতে আল্লাহ ওই কাজে রহমত ও বরকত দান করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতেও বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ দিয়েই সূরাগুলো শুরু করা হয়েছে। আল্লাহর নির্দেশিত ও ইসলামি বিধান মতে সব ভালো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলতে হয়। কিন্তু অন্যায় কাজ ও ইসলামের বিরুদ্ধ কাজের জন্য ‘বিসমিল্লাহ’ বলা আল্লাহদ্রোহিতার শামিল। অমূল্য ও অতুলনীয় এ বাক্যের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।

মহানবী (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি ‘বিসমিল্লাহ’ বলা না হয়, তাহলে তা অসম্পূর্ণ ও নিম্নমানের থেকে যায়।’ (আবু দাউদ, ইবনু মাজাহ)। আমরা সব কাজে বিসমিল্লাহ বলা দূরে থাক! অন্তত খাওয়ার আগেও এ বিসমিল্লাহ বলতে এখন অনেকেই ভুলে যাই।
তবে সব ভালো এবং হালাল কাজে বিসমিল্লাহ বলা সব মুসলমানের অবশ্যই উচিত। খারাপ এবং হারাম কাজে বিসমিল্লাহ এর কোনো প্রভাব নেই। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা মানেই এ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহই আমাকে এ কাজ করার অনুমতি দিয়েছেন। যদি এ কাজে আল্লাহর সায় না থাকত আমি কখনোই এ কাজ করতে পারতাম না। হে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এ কাজটা করছি।

কেউ কখনও হারাম কাজ করতে গিয়ে বিসমিল্লাহ বলতে পারে না। যদি কেউ এমন করে; তবে সে গোনাহ করেছে। কারণ সে যখন বলে বিসমিল্লাহ, সে তখন সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহই তাকে এ কাজ করার অনুমতি দিয়েছেন অথচ আল্লাহ কখনোই সে কাজের বৈধতা দেননি।
কাজ ও কথার শুরুতেই বিসমিল্লাহ বলা মুস্তাহাব। যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, তা কল্যাণহীন ও বরকতশূন্য থাকে। এর মাধ্যমে কাজের শুরুতে আল্লাহর আনুগত্য করা ও বিনয় ভাব প্রকাশ পায়। এ বাক্যের মাধ্যমে কাজ শুরু করলে শয়তানের অসওয়াসা থেকে মুক্ত থাকা যায়। এককথায় বলা যায় শয়তানের মহৌষধ এই বিসমিল্লাহ!

নবী করিম (সা.) বলেছেন, ‘শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, যে খাদ্যের ওপর বিসমিল্লাহ বলা হয় না।’ (মুসলিম : ২০১৭, আবু দাউদ : ৩৭৬৬)। জাবির (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিসমিল্লাহ বলে তুমি তোমার দরজা বন্ধ করো। এতে শয়তান বন্ধ দরজা খুলতে পারবে না। ‘বিসমিল্লাহ’ বলে বাতি নিভিয়ে দাও। একটু কাঠখড়ি হলেও আড়াআড়িভাবে ‘বিসমিল্লাহ’ বলে পাত্রের মুখ ঢেকে রাখ। ‘বিসমিল্লাহ’ বলে পানির পাত্র ঢেকে রাখ।’ (বোখারি : ৩২৮০, মুসলিম : ২০১২, আবু দাউদ : ৩৭৩১, তিরমিজি : ২৮৫৭)।
আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সে যেন ‘বিসমিল্লাহ’ বলে। যদি ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে যায়, তাহলে সে যেন বলে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু।’ (আবু দাউদ : ৩৭৬৭, ইবনু মাজাহ : ৩২৬৪)।

‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করলে আল্লাহ তাকে রহমত দান করেন, হেফাজতে রাখেন ও কাজে বরকত দান করেন। ‘বিসমিল্লাহর’ গুরুত্ব ও বরকত অপরিসীম। বিসমিল্লাহ না বলার কারণে একটি হালাল খাদ্য আমাদের জন্য হারাম হয়ে যায়, আবার বিসমিল্লাহ না বলার কারণে নেক নিয়ত থাকলেও অনেক কর্মে বরকত না হওয়ায় অসম্মানিত হতে হয়। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হলে সে কাজে আল্লাহর রহমত ও বরকত অবতারিত হতে থাকে। শয়তান সেখানে অবস্থান নিতে পারে না। আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) এর কাছে প্রথম ওহি নাজিলের সময়ও এ উত্তম বাক্য পড়ানো হয়েছিল।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘জিবরাইল (আ.) সর্বপ্রথম মুহাম্মদ (সা.) এর প্রতি যা অবতীর্ণ করেছেন, তা হচ্ছে জিবরাইল (আ.) বললেন, হে মুহাম্মদ! আপনি আশ্রয় চান। মুহাম্মদ (সা.) বললেন, আমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। অতঃপর জিবরাইল (আ.) বললেন, হে নবী! আপনি বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।’ (ত্বাবারি, তাফসির ইবনু কাছির : পৃ. ২৬৩)। বিসমিল্লাহর মর্ম কথা আসলে আলোচনা করে শেষ করা মুশকিল। এ বিসমিল্লাহর ফজিলত আকাশ সমান বা তার থেকেও বেশি। আসুন সব ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করি। উৎস: আলোকিত বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান