পরপুরুষে আসক্ত পুত্রবধূকে বাধা দিয়ে বিপাকে শাশুড়ি!
কুমিল্লার সদর দক্ষিণে প্রবাসী স্ত্রী ও তার ভাইদের ষড়যন্ত্র ও হয়রানির শিকার হয়ে বিচারের আশায় ধর্ণা দিচ্ছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। এ ঘটনায় কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সফিউল আলম বাবুল ও ভুক্তভোগী পরিবারটি থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ প্রেরণ করেন। ওই অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বালুয়ারচর এলাকার জয়পুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেনের পুত্র প্রবাসী আবু তাহেরের সাথে একই উপজেলার সুয়াগাজী এলাকার জঙ্গলপুর গ্রামের ইউনুস মিয়ার কন্যা জেমি আক্তারের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক ২০১৫ সালে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর প্রবাসী আবু তাহের স্ত্রী জেমি আক্তারকে দেশে রেখে বিদেশে পাড়ি জমান। আবু তাহেরের অনুপস্থিতির সুযোগ নিয়ে জেমি আক্তার বেপরোয়া চলাচল, পরপুরুষে আসক্ত হয়ে পড়ে। এতে জেমি আক্তারের শাশুড়ি হাজী রাশেদা বেগমসহ পরিবারের সদস্যরা বেপরোয়া চলাচলে বাধা প্রদান এবং ইসলামী শরীয়াহ মোতাবেক চলাচলের জন্য তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতে জেমি কোন কর্ণপাত না করে তার ইচ্ছামাফিক ভাবে চলাচল করতে থাকে। এছাড়াও স্বামী আবু তাহেরের পাঠানো অর্থ নিজের ইচ্ছামাফিক খরচ করলেও দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ বিল না দেয়ায় গত ২৪ জুন বিদ্যুৎ লাইন কেটে দেন কর্মকর্তারা।
বিদ্যুৎ বিল কেন দেয়া হয়নি শাশুড়ি জানতে চাইলে উল্টো জেমি আক্তার ক্ষিপ্ত হয়ে নিজের হাতে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে আবু তাহেরসহ তার মা, ভাবি, বোনসহ আত্মীয়-স্বজনের ফাঁসানোর হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর জেমি আক্তার বাবার বাড়িতে খবর দিলে তার ভাইসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা আবু তাহের এর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। পরে উল্টো জেমির ভাই বাদী হয়ে কুমিল্লা নারী শিশু ট্রাইব্যুনালে প্রবাসে থাকা আবু তাহেরসহ ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
এ নেক্কারজনক ঘটনার খবর জানতে পেরে কুমিল্লা মুক্তিযোদ্ধা কামান্ডার সফিউল আলম বাবুলের স্বাক্ষরিত একটি পত্র সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত ও সরকারি বিভিন্ন দপ্তরে মুক্তিযোদ্ধা পরিবারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, মুক্তিযোদ্ধা পরিবারটি অত্যন্ত ভালো পরিবার। তাদের পরিবারকে ধ্বংস করার লক্ষ্যে একটি কুচক্রী মহল কাজ করছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী হাজী রাশেদা বেগম বলেন, আমি কিছুদিন পূর্বে হজ করে দেশে ফিরেছি। আমার পুত্রবধূ প্রায়ই বাড়িতে থাকতো না। আমার সন্তান আমার পুত্রবধূর কাছে টাকা পাঠাতো। সেই সকল টাকা খরচ করতো। অনেক দিন বিদ্যুৎ বিল না দেয়ায় কর্তৃপক্ষ লাইন কেটে দেয়। আমি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে নিজের হাতে নিজেই ব্লেড দিয়ে কেটে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে এবং তার ভাইদের খবর দিলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার বাড়িঘর ভাংচুর করে।
কুমিল্লা মুক্তিযোদ্ধা কামান্ডার সফিউল আলম বাবুল জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি। তাই মুক্তিযোদ্ধা পরিবারকে কেউ হয়রানি করলে তা আমরা মেনে নিতে পারি না। আমি নিজেই বাদী হয়ে সদর দক্ষিণ থানাসহ বিভিন্ন সরকারি অফিসে ওই মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ প্রেরণ করেছি।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আল মামুন জানান, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










