মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ রোডস হারাচ্ছেন চাকরি, আকরাম খান যা বললেন বিদায়ের খবরে

news-image

স্পোর্টস ডেস্ক : সময়টা ২০১৭ সাল। বাংলাদেশ দলের সাউথ আফ্রিকা সফরের শেষে হঠাৎ করেই চাকরি ছেড়ে দেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের ওপর তো ছিলই, এমনকি বিসিবিতেও হাথুরুর ব্যাপক প্রভাব ছিল। তিনি হয়ে উঠেছিলেন একনায়ক। হাথুরু প্রসঙ্গ ইঠার কারণ, আবারও কোচ নিয়ে বাংলাদেশ দলে অস্থিরতা তৈরি হয়েছে। এবার সমস্যাটা অন্যরকম। স্টিভ রোডসের অতি ভালোমানুষিই নাকি দলের জন্য সমস্যা।

পরের কোচ যেন ভালো মানুষও হন, ক্রিকেটারদের এমনই চাওয়া ছিল। সেই চাওয়া পূরণ করতে বেশ সময় নিয়েই হেড খুঁজেছিল বিসিবি। যোগ্য কোচ পেতে সাউথ আফ্রিকান গ্রেট গ্যারি কার্স্টেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। কার্স্টেনের পরামর্শেই ইংরেজ কোচ স্টিভ রোডসকে নিয়োগ দেয় বিসিবি। ২৩ হাজার ডলার বেতনে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ পান রোডস। প্রচণ্ড পরিশ্রমী আর ভালো মানুষ রোডস অল্পদিনেই সবার হৃদয় জয় করে নেন। তার সময়ে ক্রিকেট মাঠেও কম সাফল্য পায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জয়, আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের ফাইনাল খেলা, দেশে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। এরপর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলে টাইগার দল। যেটি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে প্রথম কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। বিশ্বকাপেও ধারাবাহিকভাবে আকর্ষণীয় ক্রিকেট খেলছে বাংলাদেশ। এখনো পর্যন্ত তিনটি ম্যাচে জয় এসেছে। দলও মাঠে পারফরম করছে দল হয়েই। এসব অর্জনের কোনোকিছুতেই নাকি হেড কোচ স্টিভ রোডসের তেমন অবদান নেই!

স্টিভ রোডসকে নিয়োগ দেওয়ার পেছনে আরেকটি কারণ ছিল বিশ্বকাপ ভাবনা। বিশ্বকাপ ইংল্যান্ডে, তিনি একজন ইংরেজ। আর কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা তো আছেই। সেই রোডসই নাকি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যুগুলো সম্পর্কে দলকে ভালো ধারণা দিতে পারেননি! এমন দাবি নাকি দলের অনেক ক্রিকেটারই করেছেন। টিম মিটিংয়েও নাকি ওনার তেমন কিছু বলার থাকে না। প্রতিপক্ষের বিপক্ষে পরিকল্পনা কী হবে, সে সব নাকি ঠিক করে দেন ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট! তাই দলের ওপর স্টিভ রোডস নিয়ন্ত্রণ হারিয়েছেন, কেউ এই ভদ্রলোকের কথা শোনে না। এসব কারণে নাকি বিসিবির কর্তারা তো বটেই, বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্বে স্টিভ রোডস থাকুন তা ক্রিকেটাররাও নাকি চান না! তাই আবারও চন্ডিকা হাথুরুসিংহে বা ডেভ হোয়াটমোরের পর দীর্ঘদিন কাজ করা অস্ট্রেলিয়ান জেমি সিডন্সের শরণ নেওয়ার চিন্তাও নাকি করা হচ্ছে! সিডন্সের সময়ে টাইগার দলে ‘ডিভাইড অ্যান্ড রোল’ বিতর্ক ছিল সবচেয়ে বেশি। নরম-সরম ভালো মানুষের চেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামলাতে নাকি হাথুরু-সিডন্সরাই বেশি উপযুক্ত। এরকম খবর গত কদিন ধরেই চাউড় হচ্ছে।

এই গুঞ্জনে জোর হাওয়া দেয় সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন। সেদিন স্টিভ রোডস বলেন, ‘আর ছয়টা মাস সময় পেলে হয়তো বাংলাটা শিখে ফেলতে পারতাম।’ এই মন্তব্যের পরই দেশের অনেক সংবাদমাধ্যমেই খবর হয়ে যায়, চুক্তি শেষ না হলেও বিশ্বকাপের পরই নাকি বাংলাদেশ হেড কোচ স্টিভ রোডসের বিদায়ঘণ্টা বাজছে। এ বিষয়ে বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে নাকি কোনো আলোচনাই হয়নি। গুজব বলে উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। ছুটি কাটিয়ে টিম হোটেলে ফিরেছেন তিনি। শনিবার সকালে তার সঙ্গে দেখা। বিশ্বকাপের পর রোডসের বিদায় নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি যেন চমকে উঠলেন! তিনি বলেন, ‘দল তো ভালো করছে। এরকম বিষয়ে কোনো আলোচনাই হয়নি। না বোর্ডে, না ক্রিকেটারদের সঙ্গে।’

তাহলে বিশ্বকাপের মাঝপথে রোডসের সম্ভাব্য বিদায় আর দলের মধ্যে তাকে নিয়ে অসন্তুষ্টির ব্যাপারটি কীভাবে এলো জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘এটা পুরোপুরি মিডিয়ার সৃষ্টি। আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিইনি।’ বিশ্বকাপের পর বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, সুনীল যোশির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাদের পারফরম্যান্স নিয়ে বোর্ড সন্তুষ্ট। বিশ্বকাপের পরপর বিসিবির সভাতেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আকরাম খান। সাউদাম্পটনে আফগানিস্তানকে হারানোর পর পাঁচ দিনের ছুটিতে ছিল বাংলাদেশ দল। অনুশীলন পুরোপুরি এড়িয়ে এমন ছুটি নিয়ে কয়েকজন ক্রিকেটারের মধ্যেও অসন্তোষ ছিল। কারণ কয়েকজন ক্রিকেটার বার্মিংহামে টিম হোটেলেই ছিলেন। তাদের জন্য ঐচ্ছিক অনুশীলন রাখা যেত কি না, সে ব্যাপারেও কথা উঠেছে। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানালেন, ‘পুরো দলের সঙ্গে কথা বলেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ছুটি দলকে উজ্জীবিত করবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক