ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ম্যাচে হতে পারে বৃষ্টি
স্পোর্টস ডেস্ক : হট ফেবারিটের তকমা নিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমেছিল ওয়ানডে ক্রিকেটে বর্তমানে এক নম্বর দল ইংল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে গিয়ে বড় ধাক্কা খায় ইয়ন মরগানের দল। কিন্তু সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ইংল্যান্ড। তাই দারুণ আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। দ্রুত অজিদের ছয় উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত তাদের অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা। উইন্ডিজ ব্যাটসম্যানরাও ঠিকঠাক জ্বলে উঠতে না পারায় শেষমেশ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়াই। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি তো হলোই না শেষ পর্যন্ত। এই ম্যাচটি তাই জেসন হোল্ডারের দলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।
সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
আবহাওয়া
এরই মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা এড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে খেলা ঠিক সময়ে মাঠে গড়ালে টস জয়ী অধিনায়ক মেঘলা আবহাওয়ায় ফিল্ডিংই নিতে চাইবেন। স্থানীয় সময় দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আলাদা নজর থাকবে যাদের দিকে
ইয়ন মরগান (ইংল্যান্ড) : ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান এখনো পর্যন্ত এই বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই প্রিয় মাঠ হ্যাম্পশায়ারকেই জ্বলে ওঠার জন্য বেছে নিতে পারেন তিনি। হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে মরগানের এ পর্যন্ত ব্যাটিং গড় ৭৬.২৫। এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ৫ ম্যাচ ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ইংলিশ অধিনায়ক। তাই আজও ক্যারিবীয় বোলারদের জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়াতে পারেন তিনি।
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): পাকিস্তানের বিপক্ষে ঝড়ো গতির ফিফটি করে বিশ্বকাপটা ভালোই শুরু করেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস্টোফার হেনরি গেইল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আম্পায়ারদের বারবার হঠকারী সিদ্ধান্তের পর নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরতে পারেননি গেইল। ইংল্যান্ডের বিপক্ষে গেইলের ব্যাটিং গড়ও (৫১.৪২) সমীহ জাগানিয়া। ওয়েস্ট ইন্ডিজকে একটা ভালো শুরু এনে দিতে তাই গেইলের ওপর ভরসা রাখতেই পারে দল।
সম্ভাব্য একাদশ:
ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), জো রুট, বেন স্টোকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্রাথওয়েট, শেলডন কর্টরেল, কেমার রোচ, ওশানে টমাস।










