মাশরাফী যা বললেন নিজের পারফরম্যান্স নিয়ে
স্পোর্টস ডেস্ক।। সময় কীভাবে বদলে যায়। ভাঙাচোরা একটা দলকে কি দারুণভাবেই না বদলে দিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। যা বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য।
এরপর মাশরাফীর নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে অন্য উচ্চতায় উঠেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপেও তার কাঁধেই দলের দায়িত্ব। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে শুরু, পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হার।
তিন ম্যাচের কোনোটিতেই মাশরাফীকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। সাধারণ দর্শকের অনেকেই তাই মাশরাফীকে তুলছেন কাঠগড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কেউ কেউ তার দলে থাকা নিয়েই তুলে দিচ্ছেন প্রশ্ন।
তিন ম্যাচ খেলে এ পর্যন্ত শুধু ইংল্যান্ডের বিপক্ষে পুরো দশ ওভার বল করেছেন মাশরাফী। বাকি দুই ম্যাচে নিজের বোলিং কোটাই পূরণ করেননি। উইকেট নিয়েছেন মাত্র ১টি।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের এই পারফরম্যান্স নিয়ে কথা বললেন মাশরাফী। দিলেন বিশদ ব্যাখ্যা, ‘‘গত চার-পাঁচ বছরে আমার অধিনায়কত্বে বহুবার আমি বোলিং কোটা পূর্ণ করিনি। ওই সময়ে কে ভালো করছে সেটার ওপর নির্ভর করে ব্যাপারটা। হতাশ একেবারেই না। আপনি যখন পেশাদার জীবনে থাকবেন, যখন সেরাটা দিতে পারবেন না, আপনাকে এই ধরনের প্রশ্ন করা হবে এটা খুবই স্বাভাবিক। যা মেনেও নিতে হবে।’’
মাশরাফী বলেন, ‘‘প্রথম দুই ম্যাচে উইকেটের যে অবস্থা ছিল বেশির ভাগ ম্যাচেই ছয়-সাড়ে ছয় করে পেসাররা দিচ্ছে। আমাদের স্পিনাররা ভালো রোল প্লে করছে। এ কারণে তাদের বেশি বল করতে হচ্ছে। গত ম্যাচে দরকার ছিল। আমি ১০ ওভার করেছি। হয়তো ৮/৯ ওভার পর্যন্ত আমার সবই ঠিক চলেছে। খারাপ সময় ভালো সময়ের পার্থক্য একেকজন একেকভাবে এক্সপ্রেস করে।’’
নিজের পারফরম্যান্সে মাশরাফী নিজেও যে হতাশ তা বেরিয়ে এল এই কথায়। বললেন, ‘‘আল্টিমেটলি আমার কাছ থেকে আমি নিজেও আরও বেশি প্রত্যাশা করি। সেটা না হলে নিজেই নিজেকে প্রশ্ন করি। মানুষ কি বলল, তা থেকে গুরুত্বপূর্ণ আমি নিজে কি ফিল করছি। সেরাটা না দিতে পারলে মানুষের চেয়ে নিজেরই বেশি খারাপ লাগে।’’










