আল্লাহতায়ালা হযরত ইব্রাহিম (আ:) কে কেন মুসলিম জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছিলেন, আপনি জানেন কি?
ইসলাম ডেস্ক।। ড. মুহা: বিলাল হুসাইন মহান আল্লাহ তায়ালার সমগ্র সৃষ্টি প্রিয় হলেও মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন। কারণ তিনি শুধু মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের মধ্যে পদমর্যাদায় শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত হয়েছেন নবী-রাসূলগণ, সাহাবায়ে কেরাম এবং পরে ওলীগণ ও মুমিন মুত্তাকী মুসলমানরা। যারা প্রশস্ত আত্মার অধিকারী। আল্লাহ তায়ালা এই শ্রেষ্ঠ ব্যক্তিদের সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। কিন্তু তারা সর্বক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। হযরত ইব্রাহিম (আ:) কে আল্লাহ তায়ালা অনেকগুলি পরীক্ষা করেছিলেন। অল্প বয়সেই পিতা ও তাঁর সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কিসের ইবাদাত করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যকে চাও? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
তারা এর সঠিক উত্তর না দিয়ে বরং মূর্তি পূজার দিকে ইব্রাহিম (আ:) কে আহবান করলেন। অত:পর ইব্রাহিম (আ:) একবার তারকারাজির দিকে লক্ষ্য করলেন এবং বললেন- ‘আমি অসুস্থ। অত:পর মূর্তি পূজারীরা তাকে রেখে চলে গেলেন। হযরত ইব্রাহিম (আ:) দেবতালয়ে ঢুকলেন এবং মূতিগুলি ভেঙ্গে চুরমার করে দিলেন। এ দৃশ্য সহ্য করতে না পেরে মূর্তি উপাসকরা বললো-অগ্নিকান্ড বানাও এবং তাকে (ইব্রাহিমকে) জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর। আল্লাহ তায়ালা তাদের সেই চক্রান্তকে নস্যাৎ করে দিলেন এবং ইব্রাহিম (আ:) এর জন্য অগ্নিকুন্ডকে আরামদায়ক করে দিলেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন হযরত ইব্রাহিম (আ:)। যার ফলে আল্লাহ তায়ালা তাকে পুরস্কার হিসেবে মুসলিম জাতির পিতার আসনে অধিষ্ঠিত করলেন। হযরত ইব্রাহিম (আ:) এর প্রিয়তমা স্ত্রী ছিলেন বিবি হাজেরা। আল্লাহ তায়ালার আদেশে এবং প্রিয়তম স্বামীর নির্দেশে ক্রমে ধু ধু মরুভূমিতে যেতে দ্বিধা করেননি।
নির্বাসিত অবস্থায় শিশু পুত্র ইসমাঈল (রা:) ভূমিষ্ঠ হলেন। এক ফোঁটা পানির খোঁজে বিবি হাজেরা সাফা মারওয়া পাহাড়েরর মাঝে সাতবার দৌড়েছিলেন। তাই এই পাহাড়দ্বয়ের মাঝে সাতবার দৌড়ান হজ্বের একটি প্রধান রীতিতে পরিণত হয়েছে। মরুভূমির মাঝে শিশু ইসমাঈলের পায়ের আঘাতে সৃষ্ট সেদিনের ঝর্ণাধারা বিশ্বের মুসলমানদের কাছে আজ এক অতি পবিত্র পানীয়ের উৎস। হযরত ইব্রাহিম (আ:) ছিলেন আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। যার ত্যাগের বিনিময় ইসলাম আলোকিত হয়েছে সারা বিশ্বে। আল্লাহর প্রতি তাঁর আনুগত্য ছিল শর্তহীন। যে কারণে তাঁর প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাঈল (আ:) কে আল্লাহার ওয়াস্তে কুরবানী করতে সামান্যতম দ্বিধা করেননি। ইব্রাহিম (আ:) বললেন- আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম। তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন; হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্ম পরায়ন সন্তান দান কর। অত:পর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। অত:পর সে যখন তার পিতার সংগে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইব্রাহিম (আ:) বললেন- বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি, এখন তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন, তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন। (সূরাহ: সাফফাত ৯৯-১০২) যখন তারা দু’জন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহীম! তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করলে।
এভাবেই আমি সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক কুরবানীর বিনিময়ে। (সূরাহ সাফফাত ১০৩-১০৭) এভাবে সম্পন্ন হলো ইব্রাহিম (আ:) এর আল্লাহ প্রেমের অগ্নিপরীক্ষায় সফল উত্তরণ পর্ব। যা থেকে গোটা মুসলিম মিল্লাতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় হয়ে রইল। পিতার প্রতি পুত্রের আনুগত্য ও পিতা হিসেবে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এমন নজির ইতিহাসের কোথাও নেই। হযরত ইব্রাহিম (আ:)-এর সাফল্য ও সার্থকতার জন্য আল্লাহর কাছে অকুণ্ঠ কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তিনি (আল্লাহ) প্রতি বছর ১০ই জিলহজ্ব তারিখে এই কুরবানী এক নিয়মিত অনুষ্ঠানে পরিণত করলেন। এ থেকে প্রমাণিত হয়, অগ্নিকান্ডে ফেলে দেওয়া, প্রিয়াতমা স্ত্রীকে নির্বাসনে পাঠানো, পিতা কর্তৃক পুত্রকে জবাই করা এটা ছিল নবী পরিবারের আত্মসর্গের এক মহা পরীক্ষা। যে পরীক্ষায় পিতা পুত্র এবং মাতা উত্তীর্ণ হয়ে অকৃত্রিম আল্লাহর প্রেমের পরিচয় দিয়ে পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিলেন।
ফলে পিতা হলেন- ‘ইব্রাহীম খলিলুল্লাহ’ মহান আল্লাহর পরীক্ষিত বন্ধু, পুত্র হলেন, ‘ইসমাঈল যবিহউল্লাহ’, মহান আল্লাহর মহাসম্মানিত নবী এবং কা’বাঘরের সেবক এবং মাতা হলেন অতিশয় পবিত্র, তাদের আত্মত্যাগের ফলে প্রতিষ্ঠিত হলো হযরত ইব্রাহিম (&আঃ) এর সুন্নাত। মানব সন্তানকে জবেহ করে আল্লাহর উৎসর্গ করার পরিবর্তে সম্পদের মোহ ত্যাগ করে গৃহপালিত চতুস্পদ জন্তু আল্লাহর নামে উৎসর্গ করে জবেহ করার বিধান কুবরানী প্রথা। এর দ্বারা বান্দার আল্লাহ তায়ালার প্রতি প্রেমপ্রীতি, ভালোবাসা ও সম্পদের প্রতি লোভ-লালসার আতিশয্যের কামনা বাসনা ত্যাগের পরীক্ষা করা হয়। এর বিনিময়ে আল্লাহ তায়ালার নিকট থেকে পেয়ে থাকে মুমিন বান্দারা পুণ্যের আধিক্যতা ও জান্নাতের নিশ্চয়তা।










