মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ৩ দিনে শেবাচিমে ৪০ রোগীর মৃত্যু

news-image

বরিশাল প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের তিন দিনে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪০ রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই তিন দিনেই স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন আরও ২৬৯ রোগী, যার বেশির ভাগ রোগী ও তাদের স্বজন চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে বাইরে প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন।

যদিও রোগী এবং স্বজনদের এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তা ছাড়া তিন দিনে ৪০ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে, তাও হতাশাজনক নয় বলে দাবি হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের।

হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে গত ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালের বেশির ভাগ চিকিৎসক ও নার্স ছুটিতে ছিলেন। এ কারণে বিশেষ রোস্টারের মাধ্যমে ভর্তি রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। যদিও ঈদের দ্বিতীয় দিন এক ঘণ্টার জন্য নামে মাত্র হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখা হয়।

সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটির তিন দিন ওয়ার্ডগুলোতে রোগীদের শেষ ভরসা ছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। অধ্যাপক লেভেলের কোনও চিকিৎসককে হাসপাতাল ভিজিট করতে দেখেননি রোগীরা। আর মিড-লেভেল চিকিৎসরাও ছিলেন ঈদ আনন্দ নিয়ে। মাঝে-মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী কয়েকজন চিকিৎসক এসে রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। এতে ঈদের ছুটিতে রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাননি বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের এক পরিসংখ্যানে দেখা গেছে, ঈদের ছুটিতে টানা তিন দিনে মোট ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে আরও দুজনের। তবে তারা দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। বাকিদের মধ্যে কেউ আগে থেকে চিকিৎসাধীন ছিলেন আবার কেউ ছিলেন নতুন ভর্তি রোগী।তবে মৃত্যু হওয়া রোগীদের মধ্যে নতুন রোগীর সংখ্যাই বেশি বলে নার্সদের সূত্রে জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী ঈদের দিন অর্থাৎ ৫ জুন ১৩ জন ভর্তি রোগীর মৃত্যু হয়। ওইদিন হাসপাতাল থেকে স্বেচ্ছায় চলে গেছেন ১০৮ জন রোগী। ছাড়পত্র দেয়া হয় ১৩৮ জনকে। ঈদের দিন নতুন রোগী ভর্তি হয় ২৬৪ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৭৬, যা ছিল স্বাভাবিক দিনের তুলনায় প্রায় অর্ধেক।

৬ জুন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নতুন ভর্তি রোগী ৪১৩ জন। মোট রোগীর মধ্য থেকে মৃত্যু হয় ১২ জনের। স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন ৮৬ রোগী এবং হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় ১৩৪ জনকে।

তাছাড়া ঈদের তৃতীয় দিন অর্থাৎ ৭ জুন হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৫ জন। নতুন ভর্তি হয় ৩২৯ জন রোগী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে চলে গেছেন ৭৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় ১৪৯ রোগীকে।

ছাড়পত্র নিয়ে চলে যাওয়া বেশ কয়েকজন রোগীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, হাসপাতালের ডাক্তাররা ঈদ পালন করছেন। ফাঁকা হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনও জ্যেষ্ঠ চিকিৎসকের দেখা মেলেনি। ইন্টার্ন চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার কারণেই তারা স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন বলে দাবি করেছেন।

যে ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যেও অনেক স্বজনের অভিযোগ রয়েছে চিকিৎসা অবহেলার। এ নিয়ে গত তিন দিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি হই-হুল্লুড়ের ঘটনাও ঘটেছে। তবে এ নিয়ে কেউ কোনও অভিযোগ করতে রাজি হননি।

ঈদের তিন দিনে রোগীর মৃত্যু ও রোগীদের স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনাটি বড় কিছু নয় বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি বলেন, এর আগে হাসপাতালে ঈদের ছুটিতে প্রতিদিন গড়ে ১৫-১৬ জন রোগীর মৃত্যু হতো। কিন্তু এবার তা রোধ হয়েছে। কেন-না কোনও কোনও সময় স্বাভাবিক দিনেও এর থেকে বেশি রোগীর মৃত্যু হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক