টেকনাফ ও চকরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কক্সবাজার প্রতিনিধি : এবার সড়কে প্রাণ গেলে আরও ৫ জনের। শুক্রবার কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৯ জন।
নিহতরা হলেন জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়ের (৩৫), সি-ব্লকের মোহাম্মদ ইদ্রিস (২৫), নূর মোহাম্মদ (৩২), চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।
স্থানীয়রা ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে সনাক পালকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে এসআই আলমগীর জানান।
একটি পিকআপ উল্টে তিন রোহিঙ্গা আর বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই বাঙালি নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় রোহিঙ্গাদের পিকআপটি উল্টে যায়। এতে তিন রোহিঙ্গারা নিহত হন। আহত হন আরও ১৪ রোহিঙ্গা। হাতহত সবাই বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই আনোয়ার।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলমগীর বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ইউনিক পরিবহনের কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে চকরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোর যাত্রী রওশন আরা ঘটনাস্থলেই মারা যান।










