দুই পুলিশের কল্যাণে বাঁচল মা ও শিশু
ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুলী গ্রামে ছেলে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। গতকাল শুক্রবার দুপুরে গ্রামের বাসিন্দা সোহাগ মিয়ার বাড়ির বারান্দায় সন্তান প্রসব করেন তিনি। কিন্তু তার সন্তানের বাবার পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা জানার পর রাত ১২টার দিকে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সুমন মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের দায়িত্ব নিয়েছেন থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।অভিযোগ উঠেছে ওই নারী প্রসবের সময় ও শারীরিক অবস্থার কথা জেনেও ভালুকার উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. একরাম উল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেননি।
সোহাগ মিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর তাদের বাড়ির বারান্দায় এক প্রতিবন্ধী নারী (২০) প্রসবের ব্যথা নিয়ে অবস্থান নেন। সোহাগের মা বিলকিছ বেগম বিষয়টি টের পেয়ে ওই নারীর প্রসব করালে ছেলে শিশুটির জন্ম হয়।
এ সময় ওই নারীর শারীরিক পরিস্থিতি খারাপ হলে সোহাগের বোন তাসলিমা আক্তার মুঠোফোনের মাধ্যমে বিষয়টি পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান। তিনি ওই নারী ও নবজাতককে উদ্ধারের জন্য ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভালুকা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম উল্লাহর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা চান।
কিন্তু এ সময়ের মধ্যে কেউ কোনো সহযোগীতা নিয়ে সোহাগের বাড়ি আসেননি। তিন ঘণ্টা পর ভালুকা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি নষ্ট।এদিকে হাসপাতাল থেকে কোনো সাহাজ্য না আসায় ঘটনার বিবরণ দিয়ে ভালুকা ফায়ার সার্ভিসকেও ডাকা হয়। কিন্তু তারাও কোনো সহযোগীতা দেননি।
পরে রাত ১০টার দিকে তাসলিমা আবারও ফোন করেন মাজহারুল ইসলামকে। এ সময় তিনি মাজহারুল বলেন, ওই নারীর রক্তক্ষরণ হচ্ছে নবজাতকও তেমন নড়াচড়া করছে না। বিষয়টি জানার পর একটি নোয়া গাড়ি ভাড়া করে ঘটনাস্থলে আসেন পুলিশ পরিদর্শক।পরে রাত ১২টার দিকে নবজাতকসহ মাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি।
খবর পেয়ে হাসপাতালে ছুঁটে যান ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করেন। ওই নারী ও নবজাতকের সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসাসহ সব ধরনের ব্যয়ভার বহন করবেন বলে জানান ওসি
ভালুকা মডেল থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, নবজাতকসহ তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন। নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। এমনকি সন্তানের বাবা কে তাও জানা সম্ভব হয়নি।তিনি আরও জানান, ওই নারী ও সন্তানের সেবার জন্য একজন আয়া রাখা হয়েছে। থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন তাদের দুজনের আনুসাঙ্গিক ও চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন বলেও জানান মাজহারুল।
এ বিষয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. একরাম উল্লার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল নম্বর কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল জানান, ওই নারী ও নবজাতকের বিষয়টি ইউএএইচও কে অবগত করা হলেও তাৎক্ষণিকভাবে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।










