‘স্বস্তির যাত্রা’য় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় এ উৎসব কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। চলতি সপ্তাহের শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি, রোববার শবে কদরের বন্ধ।
২৯ রোজা হলে বুধবার ঈদ, তাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। সব মিলিয়ে আসছে সপ্তাহে এক দিন শুধু কার্যদিবস সোমবার। কর্মজীবী যারা সেদিনের ছুটি নিয়েছেন, তাদের ঈদের ছুটি কার্যত গতকাল থেকেই শুরু হয়ে গেছে।
দেরি না করে এদিনই তারা পরিবার-পরিজন নিয়ে ছুটতে শুরু করেন বাড়ির পানে। টিকিট কেনার যুদ্ধ শেষে শুরু হয়েছে নিরাপদে বাড়ি ফেরার যুদ্ধ।
প্রতি ঈদের সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। অথচ আজ শুক্রবার সারা দিন এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরেজমিনে আজ বিকেল ৫টা পর্যন্ত তা-ই লক্ষ্য করা গেছে।
ভোগান্তি ছাড়া ঈদে ঘরমুখো মানুষ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলারক্ষকারী বাহিনীর প্রায় পৌঁনে ৭০০ সদস্য। টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার যানজট নিরসনে দিনভর পরিশ্রম করছেন তারা।
উত্তরবঙ্গসহ দেশের কমপক্ষে ২৩টি জেলা যানবাহন চলাচল করে এই মহাসড়কে। গতকাল ভোর ৪টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার গাড়ির দীর্ঘ সাড়ি ছিল। এতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা স্বাভাবিক হয়ে যায়।
মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকালের চেয়ে আজ সারা দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আইনশৃঙ্খলারক্ষকারী বাহিনীর নিয়ম রক্ষা করে চলাচলের কারণে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়নি। একাধারে বেশ কিছু যানবাহন চলাচলের পর মাঝে মাঝেই ফাঁকা হয়ে যাচ্ছে সড়ক।
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজের আশঙ্কা অনেকটাই লাঘব হয়েছে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ নিরলস পরিশ্রমের কারণে।
অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা-টাঙ্গাইল চারলেন উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ হয়নি। মহাসড়ক উন্নীতকরণ কাজের কয়েক দফা সময় বাড়িয়ে মূল প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন নতুন প্রকল্প। ২০১৬ সালে দুই লেনের মহাসড়কটি চারলেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয় সরকার, যা ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু বেশ কয়েকটি আন্ডারপাস, ফ্লাইওভার ও দুটি সার্ভিস লেন যুক্ত হওয়ায় কয়েক দফা বেড়ে যায় প্রকল্পের সময়। যার নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। আর চারলেন প্রকল্পের সংশ্লিষ্টরা বলেন, ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। সঠিক ব্যবস্থাপনা না থাকলে ঈদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো কিংবা বাড়ি থেকে কর্মস্থলে ফেরা অসম্ভব বলে মনে করেন গাড়ির চালকরা।
এই সড়কের দৈর্ঘ প্রায় ১২৫ কিলোমিটার। শুধু ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশ ৬৫ কিলোমিটার। এই মহাসড়কের ৭০ কিলোমিটার চারলেনের কাজ চলছে। শুধু টাঙ্গাইলের অংশে ৪৬ কিলোমিটার কাজ হচ্ছে।
টাঙ্গাইলের অংশে ৯টি আন্ডারপাসের কাজ চলছে। এগুলো হলো কুর্ণি, কদিমধল্যা, পাকুল্লা, জামুর্কি, নাটিয়াপাড়া বা ঐখোলা, করটিয়া হাট বাইপাস, তারটিয়া, আন্ডারপাসের কাজ চলছে। ঈদ উপলক্ষে ২৫ মে দেওহাটা, মির্জাপুর এবং ঘারিন্দার আন্ডারপাস ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রাবনা এবং গোড়াইতে ফ্লাইওভারের কাজ চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘অতিরিক্ত ট্রাক যাওয়ার ফলে ভোরের দিকে হঠাৎ করেই গাড়ির সংখ্যা বৃদ্ধি পায়। এতে মহাসড়কে চাপ বেড়ে যায়। বর্তমানে মহাসড়ক স্বাভাবিকের চেয়েও ফাঁকা।’
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম কাউসার বলেন, ‘ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে চন্দ্রা আমাদের এলাকায় কোনো যানজট নেই।’
এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থানরত ঢাকা থেকে গোপালপুরগামী আল আমিন মিয়া নামের এক যাত্রী বলেন, যানজট ছাড়াই যথা সময়েই টাঙ্গাইলে পৌঁছেছি। রাস্তার পুলিশের তৎপরতা অনেক ভালো।
উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের স্টাফ রফিকুল ইসলাম বলেন, আজতো মহাসড়ক ভালো আছে। আগামী দুদিন কী হয়, তা নিয়ে সন্দিহান রয়েছেন তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এই মহাসড়ক দিয়ে বঙ্গবন্ধুসেতু হয়ে ১৯ হাজার ৭৮৭টি যানবাহন চলাচল করেছে।’
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, এ সড়ক দিয়ে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। আর ঈদের সময় ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহনের সেই সংখ্যা ২-৩ গুণ বৃদ্ধি পায়।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু পশ্চিমপাড়ের সিরাজগঞ্জের অংশে সহজে গাড়ি চালাতে না পারায় শুক্রবার ভোর ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের দীর্ঘ হয়েছিল। পরে দ্রুতই সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঈদযাত্রা এই মহাসড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছে। যানজট নিরসনে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। এ ছাড়া মোবাইল ৩৫টি, দুটি ওয়াচ টাওয়ার, কন্ট্রলরুম, বাশকল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা রয়েছে। আশা করছি অন্যন্য সময়ের তুলনায় এবার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।’










