আজ মাঠে নামছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিনে আজ একমাত্র খেলায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং একবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।
বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় নটিংহ্যামে খেলাটি শুরু হবে। বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস টু ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
টানা ১০টি আন্তর্জাতিক ওয়ানডে হেরে রীতিমতো কোণঠাসা অবস্থায় থেকেই তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে। আনপ্রেডিক্টেবল তকমা তাদের গায়ে লেগে থাকলেও এবারের বিশ্বকাপের ফরম্যাট মাথায় রাখলে তাদের পক্ষে অনেক দূর পর্যন্ত যাওয়াটা আসলেই বেশ দুরহ কাজই হবে।
প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া পাকিস্তানের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় নিজেদের আর ঝালাই করার সুযোগ পায়নি সরফরাজ আহমেদের দল। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে র্যাংকিংয়ের ৮ নম্বরে থাকার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখস্মৃতি পাকিস্তানের থাকলেও বিশ্বকাপ সম্ভাবনার পালে তা আপাতত হাওয়া লাগাতে পারছে না।
অপরদিকে, র্যাংকিংয়ের বিচারে ৬ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে ২ ধাপ উপরে থাকা সত্ত্বেও ফুরফুরে মেজাজেই আজ মাঠে নামার অপেক্ষায় রয়েছে ক্যারিবীয়রা। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রানের পাহাড় সমান স্কোর গড়ে তারা প্রমাণ করে দিয়েছে, বিশ্বকাপে যেকোনো কিছুই তাদের পক্ষে ঘটিয়ে দেয়া সম্ভব।
নিউজিল্যান্ডের যে বোলিং লাইনআপ প্রস্তুতি ম্যাচে ভারতকে নাকাল করে ছেড়েছিল, তাদের বিপক্ষেই কি না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা রীতিমতো ছেলেখেলাই করেছে। যদিও পাকিস্তানের ব্যাটিং লাইনআপও একেবারে কম যায় না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও একাধিক ম্যাচে তারা ৩০০-৩৫০ এর মতো স্কোর পেয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ দলের মূল শক্তি নিঃসন্দেহে ব্যাটিং অর্ডার। নিজের শেষ পাঁচ ম্যাচে ২ হাফ সেঞ্চুরি এবং ২ সেঞ্চুরি তুলে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন শাই হোপ। ইউনিভার্সাল বল ক্রিস গেইল একবার জ্বলে উঠলে পাকিস্তানের বোলিং লাইনআপ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েড এবং অধিনায়ক জেসন হোল্ডারের মতো অলরাউন্ডাররা যোগ্য সঙ্গ দিলে জয়ের হাসি আজ ক্যারিবীয়রা হাসতেই পারে। তবে দলটির দুর্বলতার জায়গা শেল্ডন কর্টরেল, ওশানে টমাস, অ্যাশলে নার্স ও ফ্যাবিয়ান অ্যালেনদের নিয়ে গড়া পেস আক্রমণ।
পাকিস্তানের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের ঘাড়েই পড়তে পারে। যদিও শুরুতে এই দুই ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডেই ছিলেন না। লেগ স্পিনার শাদাব খানের উপর দলের বাড়তি প্রত্যাশা থাকবে। ব্যাটিং অর্ডারে ফখর জামান, ইমাম উল হক, বাবর আজমদের উপর ভরসা রাখতে হচ্ছে। ফর্মে না থাকলেও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকে এখনো আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, আমাদের দলটা সবসময়ের মতো ভয়-ডরহীন। আমরা ম্যাচ উপভোগ করতে চাই। পাকিস্তানের বিপক্ষেও এর ব্যাতিক্রম হবে না। দলের সবাই জয়ের মেজাজে আছে। এটা দারুণ ইতিবাচক।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে টানা ৩ ম্যাচ হারলেও দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ যে বেশ আত্মবিশ্বাসী তা হোল্ডারের কথাতেই বোঝা যাচ্ছে। নিউজিল্যান্ডে বিধ্বস্ত করার টাটকা স্মৃতি তো তাদের আছেই, তার মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতাও তাদের আছে।
তবে টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ হাল ছাড়ছে চাইছেন না। ম্যাচের আগে তিনি বলেন, পাকিস্তানের আনপ্রেডিক্টেবল তকমা আমি উপভোগ করি। এতে আমাদের চাপটা কম থাকে। আমি জানি এ দল কতটা ভয়ঙ্কর। অতীত হারের স্মৃতি ভুলে প্রতিটি ম্যাচ জিততে চাই।
ম্যাচে নজর থাকবে যাদের দিকে
শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) :
২২ বছর বয়সী এই গায়ানার ক্রিকেটার ২৫ ওয়ানডে ম্যাচে ৪০.৮৬ গড়ে ২ হাফ সেঞ্চুরি ও ৪ সেঞ্চুরিসহ ৮৯৯ রান করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হেটমায়ার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন।
ফখর জামান (পাকিস্তান) :
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ধারাবাহিকতার এক নাম হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার। ৩৬ ম্যাচে ৫১.৩১ গড়ে ৯৮.১৪ স্ট্রাইক রেটে ১০ হাফ সেঞ্চুরি ৪ সেঞ্চুরিসহ ১ হাজার ৬৪২ রান করা ফখরের ভালো শুরুর দিকে পাকিস্তানকে তীর্থের কাকের মতো চেয়ে থাকতেই হবে।
আবহাওয়া
ইংল্যান্ডের আবহাওয়া অফিসের পূর্বাভাস, নটিংহ্যামে আজ ০.১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তারমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
পিচ
নটিংহ্যামের উইকেট পেস বোলিং সহায়ক পিচ হতে চলেছে যা টসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টসে জেতা দল আগে ফিল্ডিং নিতে পারে। পেসাররা সুইং করাতে পারলে আজ বাড়তি সহায়তা পেতে পারে।
সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজ : (সম্ভাব্য): ক্রিস গেইল 2 এভিন লুইস 3 শাই হোপ (উইকেটরক্ষক) শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কর্টরেল, অশানে টমাস।
পাকিস্তান (সম্ভাব্য) : ইমাম উল হক, ২ ফখর জামান 3 বাবর আজম, 4 হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), 6 মোহাম্মদ হাফিজ / ইমাদ ওয়াসিম, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।










