হুঙ্কার দিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকে রীতিমত উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাই কিউইরা ছিল পরিস্কার ফেবারিট। অন্তত ক্যারিবিয়দের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে তারা যে নিউজিল্যান্ডের জন্য কোনো প্রকার হুমকি হয়ে দাঁড়াবে তা মনে হয়নি। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে আগে থেকে যে কিছুই ধার্য করা যায় না গতকাল তারই প্রমাণ দিল ওয়েস্ট ইন্ডিয়ানরা।
ভারতের বিপক্ষে মাত্র ১৮০ রানের লক্ষ্য তাড়া করায় প্রথম ম্যাচে কিউইদের ব্যাটিং প্রস্তুতি তেমন হয়নি বলা যায়। চ্যালেঞ্জিং একটা লক্ষ্য পাওয়ার আশাতেই হয়তো টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ৪২১ রান তুলে সে লক্ষ্য যে একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন শাই হোপ, আন্দ্রে রাসেলরা ; তা কে জানত!
নিউজিল্যান্ডও পারেনি এই বিশাল রান পাহাড় টপকাতে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২৩৭ রানের অতিমানবীয় ইনিংস খেলার পর এই প্রথম ক্যারিবিয়দের মুখোমুখি হয়েছিলেন মার্টিন গাপটিল। সেকারণেই এই হার্ড হিটিং ওপেনারের দিকে ছিল বাড়তি নজর। কিন্তু কিউইদের হতাশায় ডুবিয়ে মাত্র ৫ রানেই বিদায় নেন গাপটিল। শেলডন কটরেল তার চিরচেনা মিলিটারি স্যালুট দিয়ে বিদায় জানান গাপটিলকে। অপর ওপেনার হেনরি নিকোলস ও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরও দলের প্রয়োজনের দিনে হয়েছেন ব্যর্থ।
এরপর টম লাথামের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা টম ব্লান্ডেল দারুণ এক সেঞ্চুরি করে দলের হাল ধরেন। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৪৯ ওভার ২ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড তুলতে পেরেছে ৩৩০ রানের সম্মানজনক একটি সংগ্রহ। আর তাতে ৯১ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বড় দলগুলোকে হুংকার দিয়ে রাখল ক্যারিবিয়িরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১ ব্যাটসম্যানের ৯ জনই বিশোর্ধ ইনিংস খেলেছেন, ১০ জনের স্ট্রাইক রেটই ছিল ১১০ এর উপরে। অসাধারণ এই ব্যাটিং পারফরম্যান্স যদি ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপেও যদি তারা ধরে রাখতে পারে, ৩৬ ওয়েস্ট ইন্ডিজের ৩৬ বছরের শিরোপ খরা না ঘোচার কোনো কারণ থাকবে না।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ক্যারিবিয় ব্যাটসম্যান শাই হোপ কালও তুলে নিয়েছেন সেঞ্চুরি। শুরুতে ট্রেন্ট বোল্টের ১ ওভারে ১৯ রান নেয়া বাদ দিলে ৮৬ বলে ১০১ রানের ইনিংসে তেমন আক্রমণাত্মক ঢংয়ে দেখা যায়নি হোপকে। খেলেছেন বেশ ধীরেসুস্থে। ঝুঁকি না নিয়ে নিজের স্বাভাবিক খেলা দিয়ে দুর্দান্ত কিছু শটে শতরান পূর্ণ করেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং ছিল একেবারেই যাচ্ছেতাই। ট্রেন্ট বোল্ট ৫০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয় ইনিংসের লাগাম যা একটু টেনে ধরেছিলেন। কিন্তু ৯ ওভারে ১০৭ রান দিয়ে নিউজিল্যান্ডের সাড়ে সর্বনাশ করেছেন বোলার ম্যাট হেনরি। দুই স্পিনার ইশ সোধি ও মিচেল স্যন্টনারও ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হয়েছেন।
কিউইদের এমন নির্বিষ বোলিংয়েই আন্দ্রে রাসেলের ২৫ বলে ৫৪ রানে চড়ে চারশ’ ছাড়ায় ক্যারিবিয় ইনিংস।
ব্যাটসম্যানদের বড় সংগ্রহের প্রতি যোগ্য সম্মান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসত্রয়ী শেলডোন কটরেল, জেসন হোল্ডার ও কেমার রোচ। বিশেষ করে রোচ ও হোল্ডার লাইন লেংথের ব্যাপারে এতটুকু ছাড় দেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। বড় লক্ষ্যে ব্যাট করা নিউজিল্যান্ডাররা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে গেলে সে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছেন তারা। যার ফলে কিউইদের ওপর চাপ শুধু বেড়েই চলেছে।
আগের ম্যাচেই দুর্দান্ত বোলিং করা কিউই বোলিং লাইনআপ এভাবে কেন খেই হারাল, সেটা এখন বড় চিন্তা হয়ে দাঁড়াবে নিউজিল্যান্ড টিম ম্যনেজমেন্টের জন্য। প্রস্তুতি ম্যাচের এই ফর্ম ক্যারিবিয়রা বিশ্বকাপে কতদূর নিয়ে যেতে পারে সেটিই এখন দেখার বিষয়।










