‘প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, আমাদের মেরে ফেললেও সমস্যা নাই’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কার্যক্রমে সন্তুষ্টি জানিয়ে নুসরাতের মা শিরিন আক্তার বলেছেন, ‘নুসরাত হত্যার বিচারের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন সেখানে আমাদের মেরে ফেললেও কোন সমস্যা নাই’। তিনি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতাও জানান।
সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও গায়ে আগুন লাগিয়ে হত্যার ঘটনায় পিবিআইয়ের চার্জশিট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন। বুধবার আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে তার মা শিরিন আক্তার বলেন, আমরা শুনেছি মামলার চার্জশিটে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, কাউন্সিলর মকছুদ আলমসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং আমরা আশা করি তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে চার্জশিট জমা দেবে পিবিআই।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পিবিআইয়ের কর্মকর্তারা নুসরাতকে বোনের মতো ভেবে নিরলসভাবে কাজ করেছেন। কম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে নজির সৃষ্টি করেছে।
কোন ধরনের হুমকি-ধমকি কিংবা চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ধরনের হুমকি-ধমকি আসে। তবে আমরা এটাকে আমলে আনি না। যেখানে মেয়েকে হারিয়েছি সেখানে নিজেরা বেঁচে থেকে কি করব। নুসরাত হত্যার বিচারের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন সেখানে আমাদের মেরে ফেললেও কোন সমস্যা নাই। এ সময় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান’।
নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান পিবিআইয়ের কার্যক্রমে সন্তুষ্টি জানিয়ে তড়িঘড়ি করে মামলার চার্জশিট দিতে গিয়ে যাতে কোন আসামি বাদ পড়ে না যায় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী পিবিআইয়ের পরিদর্শক (ওসি) মো. শাহ আলম বলেন, নুসরাত হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। বুধবার আদালতে সে চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি আরও জানান, নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো নুসরাতের বাড়ীতে নিরাপত্তা দেয়া হচ্ছে। পুলিশের চার সদস্যের একটি দল নুসরাতের পরিবারের নিরাপত্তায় রয়েছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোলায়মান জানান, দীর্ঘদিন ধরে নুসরাতের পরিবারের নিরাপত্তায় আমরা কাজ করছি। নুসরাতের উপর বর্বরোচিত এ ঘটনার সর্বোচ্চ শান্তি দাবি করেন তারাও।
নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, মো. শামীম, কামরুন নাহার মনি, আবদুর রহিম ওরফে শরিফ, ইফতেখার হোসেন রানা, এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল, হাফেজ আবদুল কাদের ও আওয়ামীলীগ সভাপতি ও ওই মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ, এমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা ও মহিউদ্দিন শাকিল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় নুসরাত জাহান রাফি।
এ ঘটনা তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা দায়ের করেন। সূত্রঃ দেশ রূপান্তর










