১৭ ঘন্টার রোজা রেখেই খেলে গেলেন আমলা, ফিরলেন ফর্মেও
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্তও নিশ্চিত ছিলেন না চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন কিনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের টিকেট নিয়ে ইংল্যান্ডে এসেছেন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হাশিম আমলা। রোজার মাঝেই শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরি। আমলা বলছেন, রোজা রাখার কারণেই তাঁর পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে উঠছে।
শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচই হয়েছে রোজার দিনে। সারাদিন রোজা রাখার পরেও লংকানদের বিপক্ষে আমলা করেছেন ৬৫ রান, ক্যারিবিয়ানদের সাথে করেছেন অপরাজিত ৫১ রান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা, সেই ম্যাচে দিনও থাকবে রোজা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও রোজা রেখে খেলতে হবে তাকে।
২০১২ সালে রমজান মাসে ইংল্যান্ড সফরে এসে ওভাল টেস্টে আমলা করেছিলেন ৩১১ রান। এই ওভালেই বিশ্বকাপের মিশন শুরু করবেন তাঁরা। আমলা বলছেন, রোজা রাখলেই তাঁর শরীর বেশি ফিট থাকে, ‘রোজা আসলে আমাকে অনেক সাহায্য করে। সবসময়ই রমজান মাসের জন্য অপেক্ষা করি। এটাই বছরের সেরা মাস। শারীরিক অনুশীলনের পাশাপাশি রোজা আত্মিক অনুশীলনও বটে।’
এদিকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে রোজার সময়ের পার্থক্য অনেক। দক্ষিণ আফ্রিকায় ১২ ঘন্টা রোজা রাখতে হলেও ইংল্যান্ডে সেটা প্রায় ১৭ ঘন্টা। কিন্তু তারপরও রোজা রেখে দুটি প্রস্তুতি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন আমলা।
গতকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সময় রোজার বিষয়ে আমলা বলেন, ‘রোজা আসলে আমার কন্ডিশনিংয়ে খুব সাহায্য করে। রোজা হল এমন একটি বিষয় যেটার জন্য আমি অপেক্ষা করি। এটা বছরের সেরা মাস।’
তিনি আরও বলেন, ‘আমি দেখেছি রোজায় দারুণ মানসিক এক্সারসাইজ হয়। পাশাপাশি পারলৌকিক বিষয়েও সাধনা হয়। এ সময় প্রাকৃতিকভাবেই কিছু কিছু ব্যাপার ঘটে যায়। সেটা এমন কিছু যেটা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। কিন্তু কোনো না কোনোভাবে সেটা হয়ে যাচ্ছে। যেটাতে সবাই উপকৃত হচ্ছে।’
এদিকে বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষের দুটি ম্যাচে রোজা রেখেই খেলতে হবে আমলাকে। হয়তো ঈদের দিনও তাকে খেলতে হতে পারে ভারতের বিপক্ষে। এর আগে অবশ্য রোজা রেখে ইংল্যান্ডের মাটিতে দারুণ কিছু করেছিলেন আমলা। গত ২০১২ সালে লর্ডসে রোজা রেখে খেলে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩১১ রানের ইনিংস খেলেছিলেন।










