মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে জিতলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে: প্রধানমন্ত্রী

news-image

জনগণের কল্যাণে নির্বাচিত জন প্রতিনিধিদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে। তিনি বলেন, ‘জনস্বার্থে যদি আপনি কাজ করেন, মানুষের হৃদয় যদি আপনি জয় করতে পারেন তাহলে দেখবেন জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে এবং আপনাকে তাদের সেবা করার সুযোগটা বারবার দেবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতিটা যদি ব্যক্তি স্বার্থে হয় তাহলে সে রাজনীতি কখনো জনগণের কল্যাণ করতে পারে না।’ প্রধানমন্ত্রী সোমবার সকালে তার তেজগাঁওয়ের কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর বিরাট দায়িত্ব। তাই মনে রাখতে হবে-জনপ্রতিনিধি হওয়া মানেই জনগণের জন্য, শুধু যারা আপনাকে ভোট দিয়েছে তারা নয়, আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি। তিনি বলেন, হ্যাঁ আমি আওয়ামী লীগের সভাপতি কিন্তু যখন প্রধানমন্ত্রী তখন সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। দল মত নির্বিশেষে সকলের কল্যাণ করাই আমার দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, আপনারাও সেভাবে নিজেকে মনে করবেন এবং স্ব-স্ব দায়িত্ব আপনারা পালন করবেন। শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে যে মর্যাদার আসন করে নিয়েছে সেটা অব্যাহত থাকবে। আপনারা সেভাবেই কাজ করবেন এবং আমার তরফ থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন।

ময়মনসিংহ নতুন সিটি করপোরেশন, এখানে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কিন্তু আমার বিশ্বাস আছে সেটা আপনারা পারবেন, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। পরে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম একইস্থানে সংরক্ষিত আসনসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৪ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। এর আগে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আহমেদ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। গত ৫ মে অনুষ্ঠিত হওয়া ময়মনসিংহের সিটি নির্বাচনের ৩৩টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯৭ হাজার।

৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ১১টি সংরক্ষিত আসনে প্রার্থীর সংখ্যা ছিল ৭০ জন। দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহের সিটি নির্বাচনে এবার ভোট প্রদানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রী ভাষণে তার সরকারের আমলে দেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে অতীতের তুলনায় কয়েক গুন বাজেট বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, আগামী ১৩ জুন জাতীয় সংসদে এ বছরের বাজেট পেশ করা হবে এবং এবারের প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৫ লাখ কোটি টাকা।

তিনি বলেন, উন্নয়ন বাজেট যা অতীতে ছিল মাত্র ১৯ হাজার কোটি টাকা সেটার আকার দাঁড়াবে এবার প্রায় ২ লাখ কোটি টাকা। অর্থাৎ উন্নয়নের ছোঁয়াটা কেবল শহরভিত্তিক নয়, একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম ভিত্তিক যেন হয়। আর এবারেও আমরা ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট বাস্তবায়ন করেছি।

দেশের বাজেটের ৯০ শতাংশ সরকার নিজস্ব অর্থায়ন থেকে বাস্তবায়ন করে থাকে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ সময় স্বাধীন জাতি হিসেবে কারো কাছে হাত পেতে নয় বরং আত্মমর্যাদাবোধ নিয়ে চলার ওপর গুরুত্বারোপ করে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় তার সরকারের সাফল্য তুলে ধরেন।

বাংলাদেশকে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি নবনির্বাচিত জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,‘ আপনারা এই বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখবেন। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক- যা একটা পরিবারকে ধ্বংস করে, একটি দেশকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে। কাজেই, আপনাদের কারও ছেলে-মেয়েই কখনো যেন এদিকে দৃষ্টি না দেয়। এর সাথে জড়িত না হয়।’তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাদের গণসচেতনতা গড়ে তুলতে হবে এবং এসব প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।’

এ সময় তিনি প্রকৃতির অমোঘ নিয়মে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুর্নীতি করলে কোন লাভ হয় না। কারণ, একদিন মাটির নিচে চলে যেতে হয়। তখন আর অর্জিত সম্পদের কোন কিছুই সাথে যায় না। উপরন্তু বদনামটা থেকে যায়। কাজেই দেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে।

শেখ হাসিনা বলেন, ময়মনসিংহসহ এই অঞ্চলের মানুষের যেন সার্বিকভাবে কল্যাণ হয় সেদিকে দৃষ্টি রেখেই ময়মনসিংহ বিভাগ এবং সিটি করপোরেশন করা হয়েছে। কাজেই, তিনি নতুন সিটি করপোরেশনে কাজের চ্যালেঞ্জ গ্রহণে সচেষ্ট থাকার জন্যও নির্বাচিতদের প্রতি আহবান জানান।

তিনি স্মরণ করেন ’৯৬ সালে সরকারে আসার পরই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে। তার সরকার ৪০ লাখ মেট্রিক টন খাদ্যঘাটতি নিয়ে যাত্রা শুরু করে দেশকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করে। ২০০১ সালে সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার সময়ও দেশে ২৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকারের ৯৬ থেকে ২০০১ মেয়াদেই জনগণ অনুভব করে যে- সরকার জনগণের সেবক। আর ২০০১ পরবর্তী বিএনপি-জামায়াতের সরকারের সময় দেশটি সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, অস্ত্র চোরাকারবারি, মানি লন্ডারিং এবং দুর্নীতির একটি আখড়ায় পরিণত হয়।তিনি বলেন, জঙ্গিবাদ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করে। আবার সেই উদ্বৃত্ত খাদ্যের দেশটি খাদ্য ঘাটতির দেশে পরিণত হয়।’

শেখ হাসিনা বলেন, গত এক দশকে তার সরকারের শাসনে বাংলাদেশ আজকে উন্নত হয়েছে। আজকে জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ বিশ্বে উন্নয়নের দেশ, মর্যাদাশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে মর্যাদা ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যার পর আমরা হারিয়ে ফেলেছিলাম।

তিনি বলেন, আমাদের প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে উঠেছে। আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ২১ ভাগে নামিয়ে এনেছি। ইনশা আল্লাহ সামনে একে আরও কমিয়ে আনব এবং বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে গড়ে তুলব, সেটাই আমাদের স্বপ্ন।

প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ১৭ মাচর্ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত মুজিব বর্ষ পালন এবং নেদারল্যান্ডস সরকারের সহায়তায় সরকার গৃহীত শতবর্ষ মেয়াদি ‘ডেলটা পরিকল্পনা-২১০০’ গ্রহণ এবং বাস্তবায়নে তার সরকারের উদ্যোগও তুলে ধরেন। সূত্রঃ দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক