নোয়াখালীতে এবার প্রকাশ্যে দুই সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ
নিউজ ডেস্ক।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূকে প্রকাশ্যে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। স্বামীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে তিন যুবক অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে বলে জানা যায়।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।
নির্যাতিত গৃহবধূর পরিবার জানায়, একই গ্রামের চৌধুরী আলমের ছেলে হারুন, মোস্তফার ছেলে সাইফুল ও রুদ্রপুর গ্রামের কপিল উদ্দিনের ছেলে বাবুর সঙ্গে ওই গৃহবধূর স্বামীর বাড়ির পাশে পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়। কিন্তু বাবু ও তার লোকজন শালিস বৈঠক মানেনি। এ নিয়ে এ গৃহবধূর স্বামীর সঙ্গে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবু, সাইফুল ও হারুনের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই গৃহবধূর বসতঘরে অতর্কিত হামলা চালায়। এসময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ঘরের ভিতর ঢুকে গৃহবধূকে একটি কক্ষে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হারুন, সাইফুল ও বাবু তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর শ্বশুর-শাশুড়ি তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে সমকালকে বলেন, হারুন, সাইফুল ও বাবু কক্ষে ঢুকে আমার কাছ থেকে দুই শিশু সন্তানকে খাট থেকে নিচে ছুড়ে মারে এবং আমার শ্লীলতাহানি করে। তাদের পা ধরে ইজ্জত ভিক্ষা চাইলে তারা দুই সন্তানকে গুলি করে হত্যার ভয় দেখায়। যাওয়ার সময় তারা আমার গায়ে থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আট আনি ওজনের এক জোড়া কানের দুল নিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ‘একজন গাইনী চিকিৎসকের অধীনে গৃহবধূর চিকিৎসা চলছে। শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ফিরোজ হোসেন মোল্লা সমকালকে বলেন, ‘এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’ তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বাবু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও সন্ত্রাসি কর্মকাণ্ডসহ ৬টি মামলা রয়েছে। উৎস: সমকাল।










