মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে বিএনপির ৩ জনসহ ১১ প্রার্থী মনোনয়ন জমা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও মুসলিম লীগসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চারজনের মনোনয়ন জমা দেয়ার কথা থাকলেও দিয়েছেন তিনজন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন মনোনয়ন জমা দেবার নির্দেশ পেলেও ব্যক্তিগত কারণে ফরম উত্তোলন করেননি।

প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা, বিএনপি মনোনীত তিনজন সাবেক এমপি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ড. মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মো: মিনহাজ, জাফর আলী ও আবুল হাসান।

এদিকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ও সহকারি রিটার্নিং অফিসার এসএস জাকির হোসেন মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন জমা দেবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএমটি জামান নিকেতা বলেন, বগুড়া সদর আসনে বিএনপি বারবার বহিরাগতদের মনোনয়ন দিয়ে নির্বাচিত করায় বগুড়াবাসী তাদের জনপ্রতিনিধিদের কাছে যেতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেলেও তিনি শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তাই এই আসনের জনগণ সব ভুলে এবার নৌকায় ভোট দেবেন।

বিএনপি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন, কৌশলগত কারণেই উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে উদ্ধার করে দেশে ফেরত আনা, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি।

বেগম জিয়া কেন মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নের সময় স্কাইপে যখন তারেক রহমানের সঙ্গে কথা হয়, তখন বেগম জিয়ার বিষয়টি তিনি বলেননি। আমরাই যখন দাবি উঠাই তাকে মনোনয়ন দেয়ার কথা। তখন তিনি বলেন, ‘ঠিক আছে আপনাদের সন্তুষ্টির জন্য মনোনয়ন ওঠাতে পারেন’। এ কারণেই বেগম জিয়ার মনোনয়ন উঠানো হয়েছিল। অপর চারজনের মধ্যে তিনজন মনোনয়ন জমা দিলেও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন কেন মনোনয়নপত্র উত্তোলন করেননি, এ প্রশ্নের উত্তর তিনি কিছু বলতে পারেননি।

এ ব্যাপারে জয়নাল আবেদীন চাঁনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল মনোনয়ন দিয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র উত্তোলন করিনি।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বতন্ত্র ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি সাইফুর রহমান রাজ ভাণ্ডারী মনোনয়ন জমা দেননি। বিভিন্ন দল ও স্বতন্ত্র ১১ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তিনি জানান, ২৭ মে মনোনয়নপত্র বাছাই, ৩ জুন প্রত্যাহার এবং ৪ জুন প্রতীক বরাদ্দ হবে। ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক