মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গাড়ি পাচ্ছেন সংসদের উপসচিবরাও

news-image

সরকারের উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মতো জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব বা সমমর্যাদার বা তদূর্ধ্ব কর্মকর্তারাও সার্বক্ষণিক গাড়ি ব্যবহার করতে পারবেন। এছাড়া সরকারের অন্যান্য বিভাগের মতো সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন সুবিধা দেয়া হবে তাদের।

আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বর্তমানে কর্মরত নিজস্ব ২২ জন উপসচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের অনুকূলে গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম বাবদ জনপ্রতি ত্রিশ লাখ টাকা হারে মোট ছয় কোটি ষাট লাখ টাকা (এককালীন) বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া গাড়ি সেবা নগদায়ন বাবদ জনপ্রতি মাসিক পঞ্চাশ হাজার টাকা হারে বছরে এক কোটি বত্রিশ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩০তম বৈঠকে এ বিষয়গুলো অনুমোদন দেয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এর আগে সরকারের উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও এতোদিন সংসদের কর্মকর্তারা তা পেতেন না। এখন সেই সুবিধা সংসদের নিজস্ব কর্মকর্তারাও পাবেন। তবে প্রেষণে যাওয়া কর্মকর্তারা এই সুবিধা পাবেন না। বর্তমানে সংসদের ২২ জন উপসচিব রয়েছেন। তারা আবেদন করলে সংসদের গাড়ি বা গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম গাড়ি পাবেন।

সূত্র জানায়, সংসদ সচিবালয় ছাড়া এই পদমর্যাদার কর্মকর্তারা এসব সুবিধা পান। কিন্তু দীর্ঘদিন ধরে তারা এইসব প্রাধিকারে দাবি করলেও তা বাস্তবায়ন হচ্ছিল না। এজন্য বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার ব্যবস্থা করছিলেন তারা। আজ অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশন সভায় বিষয়টি কার্যপত্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালে ২৫ জুলাইয়ে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০১৮ (সংশোধিত) জারি করেছে। সরকারের যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব/সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তারা আগে থেকেই সার্বক্ষণিক সরকারি গাড়ি ব্যবহারে প্রাধিকার ভোগ করে আসছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ২০১৭ সালের ১১ জুনে সরকারের উপসচিবদের এবং গত ২০১৮ সালের ১১ ডিসেম্বরে সশস্ত্র বাহিনীর মেজর/সমর‌্যাংক ও লেফটেন্যান্ট কর্ণেল/সমর‌্যাংক কর্মকর্তাদেরকে সার্বক্ষণিক সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় আইন ১৯৯৪ এর ১২ ধারায়, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বেতন, ভাতা, ছুটি, ভবিষ্য তহবিল, গ্রাচুইটি, পেনশন ও চাকুরির অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত আইন ও বিধিমালা, প্রয়োজনীয় অভিযোজন সহকারে সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মর্মে বিধান রয়েছে।

উক্ত বিধান অনুযায়ী সংসদ সচিবালয়ের উপসচিব বা সমমর্যাদার বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সংসদ সচিবালয়ের গাড়ি ব্যবহারের প্রাধিকার, সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন বাবদ অর্থ প্রদান করা প্রয়োজন। এ বিষয়ে চিঠি পাঠানো হলে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি সংসদ সচিবালয়ের বাজেটের আওতায় বলে জানায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক