মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় যেভাবে উদ্‌যাপিত হয় রমজান

news-image

প্রবাস ডেস্ক।। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালয়েশিয়া। এ দেশের মোট জনসংখ্যা প্রায় ৩২ মিলিয়ন। যার ৬১ শতাংশই মুসলিম। তার পরও বলতে হবে বহুজাতিক ও বহুভাষী মানুষের দেশ মালয়েশিয়া। ফলে মালয়েশিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময়। জাতিগত বৈচিত্র্যের মধ্যে মালয়েশিয়ানদের জন্য ভ্রাতৃত্বের সেতুবন্ধ। পবিত্র রমজানে এই বন্ধন আরো স্পষ্ট হয়।

রমজানের আগমনের আগ থেকেই তারা এই মাসকে উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নেয়। সাধারণত রমজান শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগের জুমার নামাজের আগেই নির্ধারণ করা হয় যে কোন দিন এলাকার সব মুসল্লি একত্র হয়ে মসজিদ ও তার চারপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। পরিচ্ছন্নতার এই কাজকে মালয় ভাষায় বলা হয় ‘গোটোং রোয়ং’ অর্থাৎ পারস্পরিক সহযোগিতায় কোনো কাজ করা। শুধু মসজিদই নয়, ঘরবাড়িও সুন্দরভাবে পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার মাধ্যমেই শুরু হয় পবিত্র রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি।

মালয়েশিয়ায় প্রায় সব মসজিদেই অনেক লোক একত্র হয়ে ইফতার করে। মালয়েশিয়ানরা এটাকে বলে ‘ইফতার জামায়ি’। ইফতারে তাদের প্রিয় খাবার ‘বুবুর লাম্বু’ ও ‘বুবুর নাছি’। এ খাবারটি সাধারণত রমজান মাসেই বেশি খাওয়া হয়। মালয়েশিয়ানরা আনন্দমুখর পরিবেশে তারাবির নামাজ আদায় করে। তারাবির নামাজের মধ্যভাগে এবং শেষে থাকে হালকা খাবারের আয়োজন। এই খাবারকে বলা হয় ‘মোরে’।

মালয়েশিয়ার বেশির ভাগ মসজিদে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। বিশেষত বড় মসজিদগুলোয়। যেমন—রাজধানী কুয়ালালামপুরের মসজিদ নেগারা বা জাতীয় মসজিদ, মসজিদ বেলায়াহ, মসজিদ জামেক ও মসজিদ ইন্ডিয়া। আবার কিছু মসজিদে আট রাকাত তারাবিও পড়া হয়। তারাবির নামাজ যত রাকাতই হোক, তা নিয়ে বাড়াবাড়ি নেই মালয়দের মধ্যে। তারাবির নামাজের শুরুতে বা মধ্যভাগে থাকে সংক্ষিপ্ত আলোচনা। কোরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞানগর্ব আলোচনা হয়। এই আলোচনাকে তারা বলে ‘চেরামাহ’ বা ‘তাজকিরাহ’।

তারাবির পরে অনেকে বাড়ি ফিরলেও কেউ কেউ আবার মসজিদে হালাকা করে কোরআন শরিফ তিলাওয়াত করে। যে সবচেয়ে বেশি ভালো পড়তে পারে, সে অন্যদের তিলাওয়াত শোনায়, তিলাওয়াতে কোনো ভুল হলে সংশোধন করে দেয়। ছোট ছোট বাচ্চাদের কাছেও রমজান অনেক আনন্দের। মালয় সমাজের একটি চমৎকার রীতি হলো বাচ্চাদের খুব অল্প বয়সেই রোজা রাখার অভ্যাস করানো হয়। যাতে তারা বড় হয়ে রোজা রাখতে কোনো কষ্ট অনুভব না করে।

সাহরির সময় একদল যুবক দফ বাজিয়ে মানুষকে ডাকে। তারা ‘সাহুর সাহুর’ বলে আওয়াজ দেয়। বিশেষত মালয়েশিয়ার গ্রামাঞ্চলে এটা বেশি পরিলক্ষিত হয়। রমজানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম বিনিময়ের পরে মালয়েশিয়ানরা বলে ‘ছেলামাট বেরপুয়াসা’ রমজানের অভিনন্দন। রমজানে মালয়দের বদান্যতা বেড়ে যায়। বিত্তবানরা গরিব, দুস্থ, অনাথ-এতিমদের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কেউ ব্যক্তিগত উদ্যোগে আবার কেউ কেউ সম্মিলিতভাবে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার অধীনে তাঁদের সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক