মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে স্বপ্ন বিলীন সিলেটের দশজনের : এখনও অনেকে নিখোঁজ

news-image

উন্মত্ত সাগরে ছোট নৌকাটিতে তোলা হয়েছিল ৭৯ জনকে। ৪০ জন ধারণক্ষমতার বাহনে দ্বিগুণ যাত্রী তোলায় শঙ্কা ছিল যেকোনো সময় ডুবে যাওয়ার। শেষ পর্যন্ত বড় একটি ঢেউয়ের ধাক্কায় সেই আশঙ্কাই সত্যি হয়। নৌকাটি যখন ভূমধ্যসাগরে ডুবে যায় তখন অন্য সহযাত্রীদের মতো দুই সহোদর মাহফুজ আহমদ মাছুম ও কামরান আহমদ মারুফও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু সাগরের হিম জলরাশিতে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকার একপর্যায়ে হাল ছেড়ে দেন ছোট ভাই মারুফ। মাসুমকে বলেন, ‘ভাইয়া, আমি আর পারছি না। অনেক পানি খেয়ে ফেলেছি। আমার জন্য তুমিও মারা যাবে। তুমি বাঁচার চেষ্টা কর।’ বলেই বড় ভাই মাসুমের হাত ছেড়ে দেন মারুফ। মুহূর্তে হারিয়ে যান সাগরের অতলে। প্রায় দশ ঘণ্টা ভেসে থাকার পর জেলেদের ট্রলার তাকে উদ্ধার করে।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাতে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ভূমধ্যসাগরে ভাই হারানোর এই করুণ কাহিনি কালের কণ্ঠকে শোনান দেশে থাকা আরেক ভাই আশফাক আহমদ মাসুদ। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সিলেট নগরের মজুমদারি এলাকায় ভাড়া বাসায় থাকেন তাঁরা। সেখানে গতকাল ছিল স্বজনদের ভিড়। চলছে শোকের মাতম। আগের রাতে ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পর থেকে তিনি নিজেও বিধ্বস্ত। জানালেন, ‘সাগর থেকে উদ্ধার হওয়ার পর মাসুম ভাইয়ের সঙ্গে রাতে একবার কথা হয়েছে। তখন তিনি আমাকে বলেছেন যে আমাদের ছোট ভাই মারুফ আর বেঁচে নেই।’ গতকাল রবিবার পর্যন্ত এই দুর্ঘটনায় সিলেটের দশজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।

নৌকাডুবিতে নিহতদের মধ্যে রয়েছেন—গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামের কামরান আহমদ মারুফ (২৩), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল গ্রামের আহসান হাবিব শামিম (১৯), ফেঞ্চুগঞ্জের মুহিতপুর গ্রামের আহমদ আলী (২৪), তাঁর ভাই লিটন আহমদ (২২) ও আব্দুল আজিজ (২৪), একই উপজেলার বাঘা ইউনিয়নের কাশেম আহমদ (২২), ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামের আফজাল মাহমুদ (২২), উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকোনা গ্রামের আয়াজ মিয়া (২০), হবিগঞ্জ সদরের লোকড়া গ্রামের আবদুল কাইয়ুম (২২) ও আবদুল মোক্তাদির (২২)।

এদিকে নৌকাডুবির ঘটনার পর থেকে অনেকে নিখোঁজ রয়েছেন। আবার অনেকের মৃত্যুর বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অনেকে দেশে পরিবারের সঙ্গে এখন পর্যন্ত আর যোগাযোগ করেননি। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার পর গতকাল সকাল থেকেই তালাবদ্ধ ইয়াহিয়া ওভারসীজ নামের প্রতিষ্ঠানটি। ছবি : কালের কণ্ঠ

দালালচক্র লাপাত্তা : জানা গেছে, ইতালিতে যাওয়ার আশায় ফেঞ্চুগঞ্জের নিহত চার যুবক সিলেট নগরের জিন্দাবাজারে রাজা ম্যানশনের তিনতলায় ‘নিউ ইয়াহিয়া ওভারসিজ’ নামে একটি এজেন্সির সঙ্গে জনপ্রতি সাত লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। গোলাপগঞ্জ উপজেলার পনাইরচকের জনৈক এনাম আহমদ এই ট্রাভেলস চালান। তাঁর মাধ্যমে গত বছরের ৭ ডিসেম্বর তাঁরা রওনা হন। লিবিয়া পৌঁছার পর সেখানে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হয়।

তবে নৌকায় যাঁরা ছিলেন তাঁদের সবাই একই রুট বা একই দালালের মাধ্যমে যাননি। অনেকে দুবাই হয়ে লিবিয়ায় গিয়েছিলেন। তিউনিশিয়ায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনার পর এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে দুজন দালালের নাম জানা গেছে। তাঁদের একজন এনাম আহমদ ও আরেকজন বিশ্বনাথ উপজেলার পারভেজ আহমদ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া ওই নৌকায় পারভেজ আহমদের মাধ্যমে যাঁরা গিয়েছিলেন তাঁদের সংখ্যাই বেশি।

গতকাল দুপুরে জিন্দাবাজার এলাকায় রাজা ম্যানশনের তিনতলায় নিউ ইয়াহিয়া ওভারসিজে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ। প্রতিষ্ঠানের ঝুলানো সাইনবোর্ডে দেওয়া দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া গেছে। পার্শ্ববর্তী সানসাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মেহদী হাসান রাসেল বলেন, ‘আজ সকাল থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এর আগে নিয়মিত খোলা হয়েছে।’

স্বপ্ন গড়তে গিয়ে হারিয়ে গেল শামীম ও মারুফ : কুলাউড়া প্রতিনিধি জানান, ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে অন্তত দুজন মৌলভীবাজারের কুলাউড়ার। তারা হলো সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই হাফিজ আহসান হাবিব শামীম ও তাঁর শ্যালক কামরান আহমদ মারুফ।

শামীমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামে। পরিবারের সাত ভাই ও তিন বোনের মধ্যে শামীম ছিল সবার ছোট। শামীম সিলেট গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসার মেধাবী ছাত্র ছিল। চলতি বছর দাখিল পরীক্ষার আগে জানুয়ারির প্রথম সপ্তাহে ইতালি যাওয়ার জন্য সে লিবিয়ার উদ্দেশে দেশ ছাড়ে। অন্যজন মারুফের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামে।

হবিগঞ্জের দুই কলেজ ছাত্র নিখোঁজ : হবিগঞ্জ প্রতিনিধি জানান, তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। চার বন্ধু একসঙ্গে রওনা হয়ে একজন পৌঁছেন ইতালিতে। বাকি তিনজনের একজন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজরা হলেন—হবিগঞ্জ সদরের লোকড়া গ্রামের হাজি আলা উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২২) ও আব্দুল জলিলের ছেলে আব্দুল মোক্তাদির (২২)। দুজনই হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক