মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া এবার সিন্ডিকেটের মাধ্যমে কোনো শ্রমিক নেবে না

news-image

মালয়েশিয়া সরকার কেন এবং কী কারণে বাংলাদেশী শ্রমিক নেয়ার কার্যক্রম এখনো স্থগিত রেখেছে, তা জানার পাশাপাশি নতুন কোন পদ্ধতিতে এবং কবে নাগাদ আবারো শ্রমিক নেয়া শুরু হবে তা নিয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারনের সাথে কুয়ালালামপুর সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকালে কুয়ালালামপুরের প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচিত পুত্রাজায়ায় গুরুত্বপূর্ণ এ বৈঠক হওয়ার কথা।

বৈঠকে অংশ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শনিবার মালয়েশিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গীদের তালিকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: সেলিম রেজার নাম থাকলেও তিনি ব্যক্তিগত কারণে যেতে পারেননি।

এর আগে ঢাকা ও মালয়েশিয়ার কূটনৈতিক সূত্রগুলোর আভাস দিয়ে দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেছিলেন, নতুন সরকার আসার পর এক মাসের ব্যবধানে দুই দেশে দু’টি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (এমওইউ) সফল বৈঠক হয়েছে। এতেই বোঝা যাচ্ছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ সরকার বাংলাদেশ থেকে দ্রুত নিয়মের মধ্যে শ্রমিক নিতে আগ্রহী।

ওই কর্মকর্তার মতে, মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় তৃতীয় যে বৈঠকটি হতে যাচ্ছে, আশা করা যাচ্ছে এই বৈঠকের পর ৮ মাস ধরে স্থগিত থাকা সম্ভাবনমায় শ্রমবাজার (সিনারফফ্ল্যাক্সের এসপিপিএ পদ্ধতি বাদ) নতুন কোনো পদ্ধতিতে চালু হতে পারে তার একটি রূপরেখা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে দেশটির শীর্ষপর্যায়ের নীতিনির্ধারণী কর্মকর্তাদের সাথে এ নিয়ে দফায় দফায় আলাপ-আলোচনা চলে। ওই সময় মালয়েশিয়ার নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তারা তাদের জানিয়ে দেন, মালয়েশিয়ার নতুন সরকার কোনো সিন্ডিকেটে বিশ্বাসী করে না।

দায়িত্ব গ্রহণের পর তারা কোনো সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী না নেয়ার যে ঘোষণা দিয়েছে, সেখান থেকে তারা একচুলও নড়বে না বলে হাইকমিশন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে দেশী-বিদেশী চক্র এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে।

গতকাল রোববার এ প্রসঙ্গে মন্ত্রণালয় সংশ্লিষ্ট অপর এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, এবার মালয়েশিয়া সরকার চাচ্ছে বাংলাদেশসহ সোর্স কান্ট্রিভুক্ত ১৫টি দেশ থেকে ইউনিফাইড সিস্টেমে শ্রমিক নিতে। একই সাথে অল্প অভিবাসন খরচে এবং সরকারের তালিকাভুক্ত সব রিক্রুটিং এজেন্সি যাতে সমানভাবে ব্যবসা করতে পারে সেটিও মঙ্গলবারের বৈঠকে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

অবশ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নুর আলী শনিবার ওয়েস্টিন হোটেলে বায়রা আয়োজিত ইফতারপূর্ব অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে বলেছেন, সামনে মালয়েশিয়ায় একটা মিটিং হচ্ছে। আমাদের বক্তব্য হলো মালয়েশিয়ার শ্রমবাজার যেন ফ্রি থাকে। যেমনÑ গতবার মালয়েশিয়ায় ১০ জনে ব্যবসা করেছেন। এটা মালয়েশিয়া গভর্মেন্টের চাহিদা ছিল। এবার মালয়েশিয়া সরকার এটা চায় না। আমরা যেন আর এই খপ্পড়ে না পড়ি। আর যেন কোনোভাবেই ১০-২০-৫০-১০০ জনের কথা না উঠে।

আমাদের গভর্মেন্টকে আমি রিকোয়েস্ট করছি। মালয়েশিয়ার শ্রমবাজার এবার যাতে ‘ওপেন ফর অল’ অর্থাৎ সবার জন্য উন্মুুক্ত থাকে।বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, দুই মন্ত্রীর এজেন্ডায় মালয়েশিয়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ শ্রমিকের অবস্থান ও তাদের বৈধতার বিষয়টিও আলোচনায় আসতে পারে। বর্তমানে পুলিশ ও ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে শত শত বাংলাদেশী ধরা পড়ে দেশটির বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন।

এ দিকে গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও ইমরান আহমদ মালয়েশিয়া পৌঁছে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। তিনি রোববার মাল্লাকায় বাংলাদেশী শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। আজ সোমবার বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বুধবার সারাওয়াক প্রদেশে যাবেন। বৃহস্পতিবার ওই প্রদেশের গভর্নরের সাথে বৈঠক করার কথা রয়েছে। ছয় দিনের সফর শেষে তিনি ১৭ মে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করবেন। প্রতিমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন এবং উপসচিব আবুল হোসেন রয়েছেন। সূত্রঃনয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক