বান্ধবীদের সাথে ফরম পূরণে বাধা দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। এবার কলেজে ভর্তি হওয়ার পালা। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পালা। আর এই সময়েই কিনা আত্মহত্যার পথ বেঁছে নিল এক সদ্য কৃতকার্য এসএসসি পরীক্ষার্থী। বান্ধবীদের সাথে একই সাথে একাদশে কলেজে ভর্তির ফরম পূরণে বাধা দেয়ায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম ঋতু আক্তার (১৬)। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকায়।
জানা যায, বান্ধবীদের সাথে একাদশ শ্রেণীর ভর্তি ফরম পূরণ করতে বাধা দেয়ায় পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করে ঋতু আক্তার। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ঋতু আক্তার চলতি বছর বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে ঋতু আক্তার রোববার শুরু হওয়া একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তার বান্ধবীদের সঙ্গে উদ্ববগঞ্জ এলাকায় আসার অনুমতি চায় পরিবারের কাছে। কিন্তু ঋতুর বড় বোন আরো দুদিন পরে ফরম পূরণ করার জন্য বলে। এসময় তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এ ঘটনায় অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঋতু।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয় থেকে চলতি মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ঋতু। বান্ধবীদের সঙ্গে রোববার সকালে একাদশ শ্রেনীর ভর্তির ফরম পূরণ করতে মানা করে তার পরিবার। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে সে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।










