দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে মসজিদে ২ মতাদর্শের সংঘর্ষ, নিহত ১, আহত ৫
জুম্মার নামাযের পর মসজিদের ভেতরে দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে ওহাবী এবং সুন্নি মতাদর্শের দুই পক্ষের বিরোধের জেরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। এদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয় । এরপর ওহাবী এবং সুন্নি মতাদর্শের দুটি পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তারা শনিবার সকাল সাড়ে ৮টায় আলোচনার তারিখ নির্ধারণ করেন।
কিন্তু স্থানীয় মুরুব্বীদের শালিসি উপেক্ষা করে এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের পালটা পালটি হামলায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুন্নি মতাদর্শের বাবুল মিয়ার। আহত হন ওহাবী মতাদর্শের ইন্তাজ আলীসহ পাঁচ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় জব্বার আলী সাংবাদিকদের জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে সুন্নি মতাদর্শের ইউপি সদস্য চাঁন মিয়ার সঙ্গে মসজিদের তারাবির জন্য রাখা ওহাবী মতাদর্শের হাফিজের বাকবিতণ্ডা হয়। এ সময় তার পক্ষ নেন ইন্তাজ আলীসহ ওহাবী মতাদর্শের অন্যরাও। এর জেরে দুই পক্ষের লোকজন বাকবিণ্ডতায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিহত বাবুল ইউপি সদস্য চাঁন মিয়ার ছোট ভাই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিলাদ পড়া নিয়ে দুইপক্ষের বিরোধ থেকে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি জানান, এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।










