নুসরাত হত্যা: যে শাস্তি হতে পারে এসপি ও ওসির
নিউজ ডেস্ক।। সোনাগাজীর নুসরাত হত্যায় পুলিশের চরম গাফিলতির প্রমাণ পেয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। পুলিশ সদর দপ্তরের এ কমিটি নোয়াখালী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ-পরিদর্শক ইকবাল হোসেন ও মো. ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করেছে। এছাড়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমেরও অনেক গাফিলতির প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। তিনি ঘটনার পর নুসরাতের পরিবারকে কোনো ধরনের সহযোগিতা করেননি।
তাই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। পুলিশ সদরদপ্তর ইতিমধ্যে তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে। পাশপাশি এসপি জাহাঙ্গীর আলমের শাস্তির বিষয়ে প্রতিবেদন জমা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করা হচ্ছে।
মন্ত্রনালয় যে শাস্তির সুপারিশ করবে পুলিশ সদরদপ্তর সেই শাস্তির সিদ্ধান্ত নিবে। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে এসপিকে নন অপারেশন ও কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করে শিগগিরই ঢাকা আনা হচ্ছে। ওসি মোয়াজ্জেম হোসেন ও দুই উপপরিদর্শক মো ইউসুফ ও মো ইকবালকে বরখাস্ত করা হবে। আর এডিসি এনামুল করিমের শাস্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে জনপ্রশাসান মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠার পর পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ডিআইজি রুহুল আমীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর ওই তদন্ত কমিটি দুই দফায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে। এদের মধ্যে ওই মাদরাসার শিক্ষক, মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য, নুসরাতের পরিবার, স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য রয়েছেন। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে নুসরাত হত্যাকান্ডে পুলিশ সদস্যদের গাফিলতির পাশপাশি অন্তত ২৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রতিবেদনে পুলিশের ওই চার কর্মকর্তার বিরুদ্ধে চরম গাফিলতি, পেশাদারিত্ব ও আন্তরিকতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশে ৬ এপ্রিল সকাল ৯টায় নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার পরপরই সকাল ১০টার মধ্যে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এসপি জাহাঙ্গীর আলমকে বিষয়টি জানানো হয়। কিন্তু ঘটনা জানার পরও এসপি বিষয়টিকে তেমন গুরুত্ব দেন নি। উল্টো তিনি তদন্ত কমিটিকে জানান, ঘটনাটি তাকে দুপুর ১২টার পর জানানো হয়েছে। আর তিনি খাগড়াছড়িতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার জন্য বেলা সাড়ে ১২টার পর রওয়ানা দিয়েছিলেন। রামগড় নামক একটি স্থান পার হওয়ার পর তাকে বিষয়টি জানানো হয়েছে। পরে তিনি খাগড়াছড়ি না গিয়ে ফেনীতে ফেরত আসেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নুসরাতের বিষয়টি এসপিকে ঘটনার পরপরই জানানো হয়েছিল। ঘটনা জানার পর প্রায় তিন ঘন্টা তিনি ফেনীতে অবস্থান করে দুপুর ১টায় খাগড়াছড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। অথচ ফেনী থেকে সোনাগাজীর দুরত্ব মাত্র আধা ঘন্টার। ঘটনার বিষয়ে জানার জন্য যখন পুলিশ সদরদপ্তর থেকে এসপিকে ফোন করা হয় তখন তিনি খাগড়াছড়ির পথে ছিলেন। তখন পুলিশ সদরদপ্তরের নির্দেশে বিকাল ৫টার দিকে এসপি ঘটনাস্থলে এসে পৌঁছান।
তদন্ত সংশ্লিষ্টরা বলেন, দিন দুপুরে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থীর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার মত মর্মান্তিক ঘটনা জানার পরও এসপি ঘটনাস্থলে যাননি। অথচ তিনি ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন। পুলিশ সদরদপ্তর যদি নির্দেশ না দিত তাহলে তিনি হয়তো ঘটনাস্থলে আসতেন না। এছাড়া ওসি ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। বিষয়টি তিনি যাচাই বাছাই করেননি। উল্টো ওসির পক্ষে সাফাই গেয়ে নুসরাতের পরিবারকে দোষারোপ করে ১১ এপ্রিল পুলিশ সদরদপ্তর ও চট্টগ্রাম রেঞ্জে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠি পাঠানোর পর চরম সমালোচনার সৃষ্টি হয়। তাই একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা ও ভুক্তভোগীর পরিবারকে সাহায্য না করে দোষারোপ তার কাছ থেকে কাম্য ছিল না।
পুলিশ সদরদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তদন্তে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে যৌন হয়রানির অভিযোগ এনে থানায় নুসরাতের মামলা নিতে প্রথমে অনিহা দেখান ওসি। তারপর মামলা নেয়ার পর আসামি পক্ষের হুমকি থাকা সত্বেও নুসরাতের নিরাপত্তার ব্যবস্থা না নেয়া, থানায় এনে নুসরাতকে স্পর্শকাতর বিষয়ে একাধিক পুরুষের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ এবং তার বক্তব্যর ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া, নুসরাতের গায়ে আগুন দেয়ার পরে ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া আর্থিক লেনদেনের মাধ্যমে পুরো ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন ওসি। অন্যদিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল করিম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টাকা আত্মসাত, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পরও চুপ ছিলেন। সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে নুসরাতের মা শিরিন আক্তার এবং ভাই মাহমুদুল হাসান নোমান এনামুল করিমের কাছে গিয়েছিলেন। তাদের কথা শুনে তিনি কোন ব্যবস্থা না নিয়ে তিরস্কার করেন তাদের। এর আগেও নারী শিক্ষার্থীর সঙ্গে অধ্যক্ষ সিরাজ যৌন হয়রানি করতেন এমন অভিযোগও জানতেন তিনি। কিন্তু সব কিছু জানার পরও তিনি সিরাজের পক্ষেই অবস্থান নেন। তদন্ত কমিটি বলছে, মাদরাসার গভর্নিং বডির সদস্য হয়ে ঘটনা জানার পর তিনি যদি সঠিক ব্যবস্থা নিতেন তাহলে এত বড় ঘটনা ঘটার সম্ভাবনা থাকত না। উৎস: মানবজমিন।










