বাংলাদেশের জুবাইদা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিনি ক্যাথরিন নোলানকে
প্রবাস ডেস্ক।। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ মেরি জোবাইদা। দেশটির অঙ্গরাজ্য সরকারের অ্যাসেম্বলি-ওম্যান পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী মার্কিন নাগরিক ক্যাথরিন নোলেন। তিনি নিউইয়র্কের পশ্চিম কুইন্স থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছেন। মেরি জোবাইদা তার প্রার্থিতার মাধ্যমে ক্যাথরিন নোলানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
২০২০ সালে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিজয়ী হলে মেরি জোবাইদা যাবেন নিউইয়র্কের রাজধানী আলবেনির প্রতিনিধি সভায়। প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্ক’র ডিস্ট্রিক্ট-৩৭ এর। নিউ ইয়র্কের কমিউনিটিভিত্তিক সংবাদমাধ্যম কিউএনএস এ তথ্য জানিয়েছে। গত এক দশকে এখানে নোলেনকে প্রাথমিক নির্বাচনে চ্যালেঞ্জটুকুও জানাননি কেউ। এবারই প্রথম ক্যাথরিন নোলেন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
সংবাদ মাধ্যমটি বলছে, তিন সন্তানের মা মেরি জোবাইদা নিজের ডিস্ট্রিক্টে একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন দেখতে চান। নিজের প্রার্থিতার বিষয়ে মেরি জোবাইদা গণমাধ্যমকে বলেন, ‘এদেশ আমাকে এত বেশি দিয়েছে যে, আমার মন থেকে আমি এদেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। ভোট দিতে গিয়ে গণতন্ত্রের অনুপস্থিতি দেখে আমার মনে হলো- এখান থেকেই শুরু হতে পারে।’
নিউ ইয়র্কের কোর্ট স্কয়ারে গত দু’দশক ধরে বাস করছেন মেরি জোবাইদা। সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া, কালচার অ্যান্ড কমিউনিকেশনসে স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতার পাশাপাশি সেবামূলক বিভিন্ন কাজ করে আসছেন মেরি জোবাইদা। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসে আরবান হেলথ প্র্যান’র আউটরিচ স্পেশালিস্ট হিসেবে কর্মরত।
এর আগে মেরি জোবাইদা প্যানোরামা বাংলাদেশ’র ক্যারিয়ার অ্যাডভাইজার, নিউইয়র্কে বাংলাভাষার টেলিভিশন চ্যানেল টাইম টিভি’র প্রোগ্রাম ম্যানেজার ও সাপ্তাহিক বাংলা পত্রিকার ফিচার রাইটার হিসেবে কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক সক্ষমতা অর্জন করেছেন মেরি জোবাইদা। লাগর্ডিয়া কমিউনিটি কলেজ (কিউনি)’র স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি ও এপিআই লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।










