বাংলাদেশ দলের বাস আটকে বিক্ষোভ সমর্থকদের, দেখুন ভিডিও
ফুটবলের সেই সুদিন আর নেই। তাই তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিও কম থাকে। যার জেরে গ্যালারি থাকে খালি। তবে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে ভিন্ন দৃশ্যই দেখা গেছে। বাংলাদেশের প্রায় প্রতি ম্যাচেই ছিল বিপুল দর্শক।
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ফাইনালেও খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজারখানেক দর্শক। কিন্তু বিধিবাম, প্রাকৃতিক দুর্যোগের শেষ মুহূর্তে খেলা বাতিল করা হয়। ফলে একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছে ফুটবলপ্রেমীদের। এসময় বাংলাদেশের টিম বাস আটকে দেয় ক্ষোভে ক্ষুব্ধ সমর্থকেরা।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি। কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে মাঠের টাচলাইন ধরে কিছু অংশে পানি জমলেও খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে মাঠ খেলার জন্য পর্যাপ্ত উপযুক্ত হয়ে ওঠে। দুই দল ওয়ার্মআপ করে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আয়োজকরা। প্রথম অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও লাওসকে।
বৃষ্টিতে ভিজে গ্যালারিতে এসেও খেলা দেখতে না পারায় হতাশ হয়ে পড়েন সমর্থকরা। গ্যালারি ছেড়ে তারা অবস্থান নেন স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে। বাংলাদেশ দল স্টেডিয়াম ছাড়ার আগ মুহূর্তে টিম বাসের সামনে গিয়ে সমর্থকরা বিক্ষোভ করেন। প্রকাশ করেন হতাশা।
যারা টিকেট কেটে ফাইনাল দেখতে মাঠে ঢুকেছিলেন, তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকেটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী কমিটির আহ্বায়ক সালাম মুর্শেদী।
https://www.facebook.com/ekram.hossain.7798/videos/2223480371064340/










