বদরগঞ্জে ইটভাটার বিষাক্ত গ্যাসে ঝলসে গেছে ৩০ একর ধানের জমি
রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জের শেখেরহাটে দু’টি ইটভাটার বিষাক্ত গ্যাসে ঝলসে গেছে কৃষকের প্রায় ৩০ একর জমির বোরো ধান ক্ষেত। এতে কৃষকদের মাথায় হাত পড়েছে। কিন্তু ধানের ক্ষতি হলেও ইটভাটা মালিকদের বিরুদ্ধে তারা কোথাও অভিযোগ করতে চান না। কারণ হিসেবে জানা গেছে, দুই বছর আগে ওই দুই ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকদের প্রায় ৪০ একর ধান ক্ষেত নষ্ট হয়েছিল। ওই সময়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফল পাননি তারা। জানা গেছে, পাঁচ বছর আগে বিধি উপেক্ষা করে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকার তেফসলি জমিতে এসবিসি এবং এবিসি বিকস্ নামে দুইটি ইটভাটা স্থাপন করা হয়। ইট তৈরী ও বিক্রি করে ওই দুই ইটভাটার মালিক লাভবান হলেও কপাল পুড়ছে এলাকার কৃষকদের।
সরেজমিনে ওই এলাকায় গেলে কৃষকেরা তাদের ক্ষতিগ্রস্থ বোরো ধান ক্ষেতে নিয়ে যান। এ সময় তারা ভাটার বিষাক্ত গ্যাসে ঝলসে যাওয়া ধান গাছ দেখান। এ সময় ওই এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তা শামসুল হকও কৃষকদের ধান ক্ষেত দেখতে যান। শামসুল হক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইটভাটার বিষাক্ত গ্যাসে ধানের ক্ষতি হয়েছে।
কৃষকদের দাবি, গত তিনদিন থেকে ইটভাটা সংলগ্ন বোরো মাঠে হঠাৎ পরিবর্তন আসে। ধানগাছ হলুদ বর্ণ ধারণ করে আর শীষ শুকিয়ে যেতে থাকে।
ওই এলাকার আদর্শপাড়া গ্রামের গৃহবধূ লাইলী বেগম বলেন, ‘ভাই, ইটভাটা হামার ধান গাছ শ্যাষ করি দিল। এখন ক্যামোন করি ব্যাংকের টাকা (ঋণ) শোধ করিমো এবং সন্তানদের মুখে দুই মুঠ ভাত তুলি দিমো এই চিন্তায় বাঁচছি না।’ ওই গৃহবধুর সঙ্গে কথা বলে জানা গেলো, তার স্বামী শাহিনুর ইসলাম পেশায় দিন মজুর। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। তারা স্কুলে লেখাপড়া করে। গৃহবধূ লাভলী বেগম অনেক কষ্টে একটি গরু কিনেছিল। সেটি বড় করে তুলেন। দুই মাস আগে তিনি ওই গরু ৩০ হাজার টাকায় বিক্রি করে এক ব্যক্তির কাছ থেকে বোরো চাষের জন্য দুই বিঘা জমি চুক্তিতে নেন। এরপর বোরো ধান লাগাতে এবং পরিচর্যায় খরচ করতে ৪০ হাজার টাকা একটি এনজিও থেকে ঋণ করেন। লাগান ব্রিধান ১৬ ধান। পরিচর্য়ায় ধানগাছ ভালো হয়। ধানও বের হতে শুরু করে। তার আশা ছিল, ওই জমিতে তিনি ১২০মন ধান পাবেন। তা বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করবেন এবং সন্তানদের লেখাপড়া খরচ চালাবেন। কিন্তু ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে তার সেই আশা ধুলেসাৎ হয়েছে। ওই গৃহবধু বলেন, এখন দুই বিঘা ভুইয়োত (জমি) ৩০মন ধানও পাইম না। ভাগগিস ভুই আওলাকে (জমির মালিক) গরু বিক্রি করি আগাম ৩০ হাজার টাকা দিচু। তানাহইলে তিনিও ছাড়তেন না। ওই গৃহবধূরমত অনেক কৃষকের একই অবস্থা হয়েছে। তারাও চিন্তিত হয়ে পড়েছেন।
জানা গেছে, ওই ইটভাটায় এলাকার কৃষক ইয়াকুব আলীর ৪২ শতক, রফিকুল ইসলামের ৪২ শতক, মোকলেছ আলীর ৪২ শতক, মনোয়ার হোসেনের ৪৫ শতক, শাহিন মিয়ার ১৮ শতক, সৈয়দ আলীর ১৫০ শতক, ছবুর আলীর ৩০ শতক, শরৎ চন্দ্র রায়ের ৩০ শতক, আব্দুর জব্বারের ২০০ শতক, আনিছুলের ৩০ শতক, ময়নুল ইসলামের ৩০ শতক, শাহ আলমের ১২০ শতক বোরো ধান গাছ ঝলসে গেছে। কৃষকদের দাবি, ওই দুই ইটভাটার বিষাক্ত গ্যাসে শতাধিক কৃষকের প্রায় ৩০ একর জমির ধান গাছ ঝলসে গেছে।আদর্শপাড়া গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, দুই বছর আগেও এই দুই ইটভাটার কালো ধোয়ায় ধান গাছ নষ্ট হয়েছিল। তখন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলাম। সেসময় তদন্ত হয়েছিল। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ^াস দিয়েছিলেন প্রশাসন। কিন্তু ওই পর্যন্ত। কৃষক শরৎ চন্দ্র রায় বলেন, বাবু, ধানের ক্ষতির বিষয়ে ভাটা মালিককে বলতে গেলে তারা উল্টো ধমক দিয়ে বলেন, যান মামলা করেন। হামরা গরীব মানুষ। ভাটা মালিকদের বিরুদ্ধে কি মামলা করার সামর্থ আছে?
এসবিসি বিকস্ ইটভাটার স্বত্তাধিকারী তৌহিদুল হাসান লিটুকে ইটভাটায় পাওয়া যায়নি। সেখানে পাওয়া যায় পাহারাদার আবেদ আলীকে। তিনি বলেন, মালিক ও ম্যানেজার বাহিরে আছেন। তবে মুঠোফোনে মালিকের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।এএসবি বিকস্ ইটবাটার স্বত্তাধিকারী রফিকুল ইসলামও ইটভাটায় নেই। ভাটায় দায়িত্ব পালন করছেন তার জামাতা তাজকিন হোসেন । কৃষকদের অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে তাজকিন হোসেন বলেন, কৃষকদের অভিযোগ মিথ্যা। ভাটায় কোনো ধান ক্ষেতের ক্ষতি হয়নি। তার দাবি, কৃষকেরা সঠিক সময়ে সেচ না দেওয়ায় তাদের ধান গাছ শুকিয়ে যাচ্ছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










