মেসির জোড়া গোলে লিভারপুলকে বড় ব্যবধানে হারালো বার্সেলোনা
স্পোটর্স ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা লিভারপুল সেমিফাইনালের শুরুতে বার্সেলোনাকে চেপে ধরেছিল। কিন্তু ক্রমেই ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে খোলস ছেড়ে বেরিয়ে এলেন মেসি-সুয়ারেজরা। আর তাতেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ‘অল রেডস’দের ৩-০ গোলে হারিয়ে দিল কাতালান জায়ান্টরা। দলের জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। অন্য গোলটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে।
গতকাল বুধবার ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুদল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধার বাড়তে থাকে সফরকারী লিভারপুলের। তবে জর্দি আলাবার অ্যাসিস্ট থেকে ডেড লক ভাঙেন বার্সার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। বার্সার হয়ে ১৫তম বছরে পা দেওয়া মেসি ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এল এম টেন।
খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে সুয়ারেজের ভলি পোস্টে লেগে সোজাসুজি মেসির পায়ে এসে পড়ে। রিবাউন্ড থেকে গোল করতে দেরি করেননি আর্জেন্টাইন এই তারকা। ৮২ মিনিটে দুর্দান্ত কার্ভিং ফ্রি কিক থেকে ম্যাচের তৃতীয় এবং দলের হয়ে নিজের ৬০০তম গোলটিও করেন সেই লিওনেল মেসিই।
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ৩৩ ম্যাচ খেলে এই নিয়ে ২৬টি গোল হলো মেসির। এমন কীর্তি নেই আর কারও। তবে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে একই রকম কীর্তি গড়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।
আগামী ৮ মে অ্যানফিল্ডে অনুষ্ঠেয় দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিভারপুল।










