মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম আদালতেও শত ভোগান্তি শ্রমিকের

news-image

অনলাইন ডেস্ক : শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) তৃতীয় শ্রেণির কর্মচারী কামাল চৌধুরীকে ২০০২ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সুনামগঞ্জে বদলি করা হয়। অথচ সুনামগঞ্জে তখন বিসিআইসির কোনো প্রতিষ্ঠানই ছিল না। এ নিয়ে কয়েক দফা চিঠি চালাচালির পর ঢাকার শ্রম আদালতে মামলা করেন কামাল। ২০১৭ সালে তার বিরুদ্ধে রায় দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল আদালতে আবেদন করার দুই বছর পর এখনও সেটি নিষ্পত্তি হয়নি। ন্যায় বিচারের আশায় দীর্ঘ ১৭ বছর ধরে আদালতে ধরনা দিচ্ছেন কামাল চৌধুরী। এদিকে ২০১৭ সালে তার চাকরির মেয়াদও শেষ হয়েছে।

এ প্রসঙ্গে কামাল চৌধুরী সমকালকে বলেন, বদলির সময় তিনি শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে বিএনপি-জামায়াত সরকার হয়রানির জন্য তাকে বদলির আদেশ দেয় বলে অভিযোগ করে তিনি বলেন, ২০০২ সালে সুনামগঞ্জে বিসিআইসির যে প্রকল্পে তাকে বদলি করা হয়েছিল, সেটি ১৯৯৬ সালেই বিলুপ্ত হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে গেলে বিসিআইসি হাইকোর্টে পাল্টা রিট করে কামালের মামলার কার্যক্রম আটকে দেয়। দীর্ঘ অপেক্ষা শেষে স্থগিতাদেশ প্রত্যাহারের পর শ্রম আদালতে এ মামলার রায় ঘোষণার মাসখানেক আগে চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে জানিয়ে কামাল চৌধুরী বলেন, এখন নিজের দেনা-পাওনা বুঝে পাওয়ার জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালই শেষ ভরসা।

একইভাবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী জাকিউজ্জামান চৌধুরীকে ২০১৫ সালে ঢাকার ইমামগঞ্জ শাখায় বদলি করা হলে তিনি এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শ্রম আদালতে মামলা করেন। আদালত তার মামলা খারিজ করলে তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন। ২০১৬ সালে ট্রাইব্যুনাল তাকে সাবেক কর্মস্থলে যোগদানের জন্য রায় দিলেও বিএসএফআইসি হাইকোর্টে রিট করে ওই রায় স্থগিতের পাশাপাশি জাকিউজ্জামানকে চাকরিচ্যুতও করে। বিষয়টি সুরাহা না হওয়ায় জাকিউজ্জামান আদালতে ঘুরপাক খাচ্ছেন।

এই দু’জনের মতো আরও কয়েক হাজার শ্রমিকের ১৭ হাজার ৬০৮টি মামলা ঝুলছে দেশের সাতটি শ্রম আদালত ও একটি আপিল ট্রাইব্যুনালে। মামলাজটের কারণে ন্যায়বিচারের অপেক্ষায় বছরের পর বছর কাটাতে হচ্ছে বিচারপ্রত্যাশীদের। ঢাকার বাইরে শ্রম আদালত রয়েছে কেবল চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে। তাই অন্যান্য জেলার শ্রমিকদের বিচার পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। আর একমাত্র আপিল ট্রাইব্যুনালটিও ঢাকায়। তাই মালিকপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলে শ্রমিকের হয়রানি বাড়ছে আরও। এদিকে আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অন্যান্য আদালতে ১৩টি পদ শূন্য থাকায় বিচারক সংকটে মামলাজটও ক্রমশ বাড়ছে।

এ প্রসঙ্গে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার সমকালকে বলেন, ‘শ্রম আদালতের সংখ্যা কম হওয়ায় এবং দেশের সকল বিভাগ ও জেলায় আদালত না থাকায় শ্রমিকরা মামলা করতে আগ্রহী হন না। বিচারের দীর্ঘসূত্রতাও একটি সমস্যা। কিন্তু যখন আর কোনো উপায় থাকে না, শ্রমিকরা তখন ন্যায্য পাওনা বুঝে পাওয়ার জন্য মামলা করতে বাধ্য হন।’ শ্রমিকদের হয়রানি কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, ‘নইলে প্রচলিত আদালতে এসব মামলা বিচারের ব্যবস্থা রাখতে হবে।’

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীতে তিনটি, চট্টগ্রামে দুটি, খুলনা ও রাজশাহীতে একটি করে শ্রম আদালত রয়েছে। ঢাকায় অবস্থিত একমাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ পর্যন্ত সাতটি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১৭ হাজার ৬০৮টি। এর মধ্যে ঢাকার প্রথম আদালতে চার হাজার ৩৩১টি, দ্বিতীয় আদালতে পাঁচ হাজার ১৭৪টি ও তৃতীয় আদালতে তিন হাজার ৪৩৮টি মামলা বিচারাধীন। চট্টগ্রামের প্রথম আদালতে এক হাজার ৫০৪ ও দ্বিতীয় আদালতে ৬০৬টি এবং খুলনা বিভাগীয় শ্রম আদালতে ২৩১টি ও রাজশাহীতে বিচারাধীন রয়েছে ৪০৭টি মামলা। এ ছাড়া ট্রাইব্যুনালে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১০৪৭টি মামলা। এর মধ্যে ২০৪টির বিচার বন্ধ রয়েছে হাইকোর্টের স্থগিতাদেশে।

জনবল সংকট ও বিচারক শূন্যতা : শ্রম আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আবেদন নিষ্পত্তির দায়িত্ব আপিল ট্রাইব্যুনালের। অথচ দেশের একমাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি গত ২০ মার্চ থেকে খালি। ট্রাইবুন্যালের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালে চেয়ারম্যান পদ ছাড়াও ঢাকার দ্বিতীয় ও তৃতীয় আদালত, চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় আদালত এবং খুলনা আদালতের রেজিস্রদ্বারের মতো গুরুত্বপূর্ণ পদসহ মোট ১৩টি পদ শূন্য রয়েছে। এর ফলে সংশ্নিষ্ট আদালতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের। এ ব্যাপারে শ্রম আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অধীর চন্দ্র বালা সমকালকে বলেন, শূন্য পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে এমন প্রেক্ষাপটেও মামলা নিষ্পত্তির হার আগের তুলনায় বেড়েছে বলে দাবি আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা জজ তানজীনা ইসমাইলের। সমকালকে তিনি বলেন, ‘ভোগান্তি কমিয়ে আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করছি। শ্রমিকদের সুবিধার জন্য সহজবোধ্য বাংলায় রায় ঘোষণা করা হচ্ছে। এর পরও পেনশন-গ্র্যাচুয়িটিসহ সংশ্নিষ্ট অনেক বিষয় শ্রমিকদের বুঝতে সমস্যা হয়। এ ব্যাপারে মন্ত্রণালয়ের নজর দেওয়া উচিত। সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক